শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সৌদি-ইরানে গণতন্ত্রের প্রশ্নে নির্বাক মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী স্টুয়ার্ট জোন্সকে সাংবাদিক সম্মেলনে সৌদি আরবে ও ইরানে গণতন্ত্র কেমন এমন এক প্রশ্ন করা হলে তিনি হতবাক হয়ে অন্তত কুড়ি সেকেন্ড কোনো উত্তরই দিতে পারলেন না। কোনো সাংবাদিক সম্মেলনে মার্কিন নেতাদের সাংবাদিকদের প্রশ্নে এমন নিশ্চল অভিব্যক্তি সম্ভবত এর আগে কখনো দেখা যায়নি। ওই সাংবাদিক সম্মেলনে রিপোর্টার যখন তাকে প্রশ্ন করেন ইরানে হয়ে যাওয়া নির্বাচন ও গণতন্ত্র সম্পর্কে সৌদি আরবের ধারণা কি তখন তিনি হতভম্ব হয়ে পড়েন। বেশ কয়েক সেকেন্ড কোনো কথা বলেননি। আমতা আমতা করতে থাকেন। এ ফুটেজও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে।

মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী স্টুয়ার্ট জোন্স সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের সঙ্গে সৌদি আরব সহ বেশ কয়েকটি দেশ সফর করে দেশে ফিরেছেন। সঙ্গত কারণেই সাংবাদিক তাকে প্রশ্ন করেন, মি. জোন্স আপনি যখন সৌদি আরবে সফরে ছিলেন তখন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন ইরানের নির্বাচন ও গণতন্ত্র নিয়ে সমালোচনা করেন, তো গণতন্ত্রের প্রতি সৌদি আরবের প্রতিশ্রুতি সম্পর্কে আপনার মূল্যায়ন কি কিংবা মার্কিন প্রশাসন কি বিশ্বাস করে সৌদি আরবে গণতন্ত্রকে সেকেলে বলে মনে করা হয় নাকি তা চরমপন্থার প্রতি বাধা? এমন প্রশ্নে থমকে যান স্টুয়ার্ট জোন্স। সম্পূর্ণ নির্বাক থাকেন কয়েক সেকেন্ড। ভিডিও ফুটেজে এসময় তাকে বেশ অসহায় দেখা যায়। এরপর আমতা আমতা করেন, উম শব্দ করেন, গভীরভাবে নি:শ্বাস নেন, এরপর চেষ্টা করেন কিছু বলার, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ প্রকাশ হয়নি। ব্রিটেনের দি ইন্ডিপেনডেন্ট বলছে, অন্তত ১৬ সেকেন্ড তিনি নিশ্চুপ থাকেন। স্টুয়ার্ট জোন্স এমন মৌলিক প্রশ্নের একটি যথাযথ উত্তর খোঁজার চেষ্টা করেন। কিছুক্ষণ পর তিনি অত্যন্ত নরম ও মোলায়েমভাবে উত্তর দেন। তিনি বলেন, আমি মনে করি, আমরা যা বলি তা হচ্ছে, উহ! সৌদি আরব জিসিসি দেশগুলো সফরে আমরা উল্লেখযোগ্য উন্নতি দেখতে পারছি, উহ!সন্ত্রাসের বিরুদ্ধে উভয় পক্ষ কঠোর মনোভাব ব্যক্ত করে বিবৃতি দিয়েছে, উম, এক অভিন্ন কৌশল নির্ধারণেও ঐক্যমত হয়েছে সন্ত্রাস প্রতিরোধে। আমরা নিশ্চিত হয়েছি সন্ত্রাসের একটি উৎস তা হচ্ছে ইরান। তবে ইরানের নির্বাচন ও গণতন্ত্র বা সৌদি আরবেই বা এধরনের গণতন্ত্র ও নির্বাচনের কোনো সুযোগ আছে কি না বা পরিস্থিতি কি তার ধারে কাছেও কোনো মন্তব্য করেননি স্টুয়ার্ট জোন্স।

মার্কিন মিডিয়া ওয়াশিংটন এক্সামিনার বলছে, স্টুয়ার্ট জোন্সের দীর্ঘদিন ধরেই কূটনীতির অভিজ্ঞতা রয়েছে। তিনি হোয়াইট হাউসের কেনো চাপরাসি ধরনের কেউ নন, তাক যথাযথ দায়িত্বই দেওয়া হয়েছে। এবং সে দায়িত্ব স্টুয়ার্ট জোন্সের পেশাগত দায়িত্বের মধ্যেই পড়ে। অথচ তিনি ওয়াশিংটনের সৌদি ও ইরানের সম্পর্ক নিয়ে যে দ্বৈত মানদ- রয়েছে যাতে স্তম্ভিত হতে হয়, সে সম্পর্কে যথাযথ উত্তর দেওয়ার ব্যাপারে তিনি সম্পূর্ণ অপ্রস্তুত হয়ে পড়েন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের কি তাহলে এধরনের প্রশ্নের সদুত্তর জানা নেই। যদি সদুত্তর জানা থাকে তাহলে মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রীর সৌদি ও ইরান সম্পর্কিত প্রশ্নে বিব্রতকর হওয়ার কোনো সুযোগ ছিল না।

০১/০৬/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি