শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বাস-ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু ১২ জুন থেকে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঢাকা থেকে বিভিন্ন জেলার বাস ও ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি আগামী ১২ জুন থেকে শুরু হবে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন জানিয়েছেন, “আমরা ১২ জুন থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু করবো।”

১২ জুন ২১ তারিখের, ১৩ জুন ২২ তারিখের, ১৪ জুন ২৩ তারিখের এবং ১৫ জুন ২৪ তারিখের ট্রেন টিকেট বিক্রি হবে বলে জানা গেছে। ঈদে এবারও বিশেষ ট্রেন চলাচল করবে বলে জানান তিনি।

একই দিনে ঢাকা থেকে সারাদেশের বিভিন্ন রুটের বেসরকারি বাসের টিকিটও বিক্রি শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সোহেল তালুকদার।

তিনি বলেন, “আমরা ১২ তারিখ থেকে ঈদের অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছি। ওইদিন সকাল থেকে টিকেট দেয়া শুরু হবে। যতক্ষণ টিকিট থাকে, ততক্ষণ টিকেট বিক্রি করবে পরিবহনগুলো।”

এবারও ঈদের আগে পরে লম্বা ছুটি পাচ্ছে ঘরমুখো মানুষ। এ কারণে এবারের ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তি কম হবে বলে মনে করেন বাস মালিক সমিতির এই নেতা।

“খবরে দেখলাম এবার প্রায় ৯ দিনের মতো ছুটি পাওয়া যাবে। আমরা একটা দীর্ঘ সময় পাব। এ কারণে মানুষের বাড়ি ফেরা সহজ হবে। আমাদের জন্য যাত্রীদের পরিবহনে সুষ্ঠু ব্যবস্থাপনা করা সহজ হবে।”

“এর আগে তিন দিনের ছুটি থাকত, তখন আমাদের হাতে সময় থাকত খুব কম। এত বিপুল সংখ্যক মানুষকে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়াটা খুব কঠিন কাজ,” বলেন তিনি।

এবার ২৭ জুন ঈদুল ফিতরের সম্ভাব্য দিন ধরা হয়েছে। সে হিসেবে ২২ জুন থেকে ঈদের বাড়ি ফেরার ভিড় শুরু হতে পারে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা।

শ্যামলী পরিবহনের মহাব্যবস্থাপক (জিএম) পারভেজ মাহমুদ বলেন, ২২ তারিখ বৃহস্পতিবার বিকেল থেকেই বাসে ভিড় শুরু হবে।

“যারা চাকরি করেন তারা ওইদিন বিকাল থেকেই বাড়ি যাওয়া শুরু করবেন। আশা করছি ২২ তারিখ বিকাল থেকে ২৩ তারিখ পর্যন্ত ভিড় বেশি হতে পারে। ২১ তারিখেও কিছু যাত্রী যাবেন। আর ২৫ কিংবা ২৬ তারিখে ভিড় তেমন একটা হবে না। লম্বা ছুটি পেয়ে বেশিরভাগ মানুষ আগেই চলে যাবেন।”

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি