শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অন্যের কাঁধে ভর দিয়ে লড়তে চায় জামায়াত-হেফাজত!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

দেশের ইসলামের রাজনীতির জামায়াত ও হেফাজত দুটি দলের আগামী জাতীয় নির্বাচনের পরিকল্পনা বা করনীয় নিয়ে রাজনীতিতে নানা কৌতূহল চলছে। তবে সংগঠন দুটি অন্যের কাঁধে ভর করে নির্বাচনে যাওয়ার পরিকল্পনা করছে। কারণ রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী এখন নিষিদ্ধ হলেও স্বতন্ত্র কিংবা বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে ভোটে লড়ার চিন্তাভাবনা করছে। আবার আলোচিত সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজনৈতিক দল না হলেও বিএনপি জোট থেকে বেরিয়ে যাওয়া ইসলামী ঐক্যজোটের ব্যানারে লড়তে পারে।

জানা গেছে, নির্বাচনে যাওয়ার পূর্ব প্রস্তুতি হিসেবে এরই মধ্যে চলছে তৃণমূল পর্যায়ে মাঠ তৈরির কাজ। করা হচ্ছে বিভিন্ন আসনে সম্ভাব্য প্রার্থীদের তালিকাও। নির্বাচনে ৩০টি আসনে প্রার্থী দেওয়ার কাজ অনেক দূর এগিয়ে নিয়েছে হেফাজতে ইসলাম।

সম্প্রতি জামায়াত নির্বাচনে যাচ্ছে কিনা এ ব্যাপারে দলটির আমির মকবুল আহমাদ বলেন, ‘জামায়াতের নির্বাচনী প্রস্তুতি রয়েছে। এ জন্য আলাদা প্রস্তুতির দরকার হয় না। তবে আমরা নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের জন্য আন্দোলনে আছি। এটা অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।’

তবে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা মঈনুদ্দীন রুহী বলেন, ‘হেফাজতে ইসলাম নির্বাচনে কোনো প্রার্থী না দিলেও ইসলামী ঐক্যজোটকে সমর্থন দেবে। আমাদের বিশ্বাস হেফাজতে ইসলামের সমর্থন পেয়ে ইসলামী ঐক্যজোটের প্রার্থীরা বিজয়ী হবেন। এছাড়া সারা দেশে কমপক্ষে ৩০টি আসনে বেশ শক্তিশালী অবস্থানে রয়েছে সংগঠন। এসব আসনে হেফাজতে ইসলাম সমর্থিত প্রার্থীরা বিজয়ী হবেন বলে জানান তিনি।’

জামায়াতের দায়িত্বশীল সূত্র জানায়, দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার বিকল্প নেই। এজন্য জোটের ব্যানারে প্রয়োজনে ধানের শীষ থেকে লড়াইয়ে নামবেন শীর্ষস্থানীয় নেতারা। অন্যথায় স্বতন্ত্র হিসেবে নির্বাচনী মাঠে লড়তে অন্তত অর্ধশত প্রার্থীর তালিকাও তৈরি করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, নির্বাচন সামনে রেখেই এগোচ্ছে নিজেদের অরাজনৈতিক সংগঠন হিসেবে দাবি করা হেফাজতে ইসলাম। কওমি মতাদর্শী অন্য রাজনৈতিক দলগুলোর কাঁধে ভর করে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার প্রক্রিয়া চলছে। এর অংশ হিসেবে সমমতাদর্শী কিছু দল নিয়ে একটি কওমীভিত্তিক ইসলামী জোট গড়ার প্রক্রিয়া চলছে। সূত্রমতে, মূলত এ জোটের অধীনেই নির্বাচনে অংশ নেবেন হেফাজতে ইসলামের নেতারা।

পূর্বাশানিউজ/০৭-জুন,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি