
ভারতে আয়কর রিটার্ন জমা দিতে ও নতুন প্যান কার্ডের আবেদনে ১ জুলাই থেকে আধার কার্ড বাধ্যতামূলক। শনিবার এ কথা জানিয়ে দিয়েছে দেশটির সেণ্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)। জুম্মাবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর এ নিয়ে নানা মহলে ধোঁয়াশা তৈরি হয়েছিল। সিবিডিটি এদিন তার ব্যাখ্যা দিয়েছে। জানিয়েছে যে, জুম্মাবার সুপ্রিম কোর্টের রায়ে আংশিক স্বস্তি পাবেন তাঁরাই, যাঁদের এখনও আধার কার্ড বা আধার এনরোলমেণ্ট আইডি নেই। তাই আয়কর দপ্তর এখনই তাঁদের প্যান কার্ড বাতিল করবে না। কিন্তু আধার নম্বর পেলে তা কর রিটার্নে যুক্ত করতেই হবে। আধার বাধ্যতামূলক করা নিয়ে মামলা চলছে সাংবিধানিক বেঞ্চে। সেই ইস্যুর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাদের আধার কার্ড নেই, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।
কী বলেছে সিবিডিটি? এক, আগামী ১ জুলাই থেকে আধার নম্বর বা আধার এনরোলমেণ্ট আইডি থাকলে আয়কর রিটার্ন ও প্যান কার্ডের আবেদনে সেটা উল্লেখ করতেই হবে। দুই, যাঁদের আধার নেই বা আধার কার্ড করাতে ইচ্ছুক নন, তাঁরা সাময়িক নিষ্কৃতি পাবেন সুপ্রিম কোর্টের নির্দেশে। তাই প্যান কার্ড বাতিল বা আয়কর আইনের আওতায় প্যান নম্বর উল্লেখ না করায় অন্য কোনও ব্যবস্থা তাঁদের বিরুদ্ধে নেওয়া হবে না। তিন, প্যান নম্বর বাতিল হয়ে গেলে ব্যাঙ্কে পরিষেবা বা অন্য কোনও আর্থিক লেনদেনে অসুবিধা হতে পারে। তাই এই সাময়িক ব্যবস্থা রাখা হয়েছে। শুক্রবার আইন মন্ত্রক, অর্থ মন্ত্রক, সিবিডিটি ও আয়কর দপ্তরের উচ্চ পর্যায়ের আধিকারিকরা রায় খতিয়ে দেখে এই ব্যাখ্যা দিয়েছেন।
























































