ডেস্ক :
পশ্চিম লন্ডনের গ্রিনফেল টাওয়ারে অগ্নিকা-ের ঘটনায় যারা নিখোঁজ রয়েছেন তাদের হয়তো আর কখনো শনাক্ত করা যাবে না বলে জানিয়েছে লন্ডন পুলিশ। আগুন লাগার তৃতীয় দিনে পুলিশ টাওয়ারে শুধু মানুষের পোড়া দেহের সন্ধান পেয়েছে।
বুধবারের এই ঘটনায় ১৭ জন মানুষ মারা গিয়েছেন, আহত ৭৪ জনের মধ্যে ১৮ জনের অবস্থা আশংকাজনক। পরিবারসহ নিখোঁজ রয়েছেন অনেকে। ফায়ার সার্ভিসের প্রধান বলেছেন, তাদের জীবিত খুঁজে পাওয়ার আর কোন আশা নেই।
লন্ডন ফায়ার সার্ভিসের প্রধান ড্যানি কটন বলেন, টাওয়ারের ভেতরে ধ্বংসস্তুপের মধ্যেই হয়তো ‘নিখোঁজ অনেকে রয়ে গেছেন’। এই সংখ্যাটা এখনো অজানা। তবে ‘আর কেউ বেঁচে নেই’ বলে ধারণা উদ্ধারকর্মীদের।
তিনি আরো বলেন, ‘ওই ভবন পুড়ে এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় পৌঁছেছে যে এর নিচে যাওয়া নিরাপত্তা কর্মীদের জন্য নিরাপদ নয়। তবু গত রাতে আমাদের অনেক কর্মী ভবনের একেবারে ওপরের তলায় সংক্ষিপ্ত অনুসন্ধান চালিয়েছেন। ভবনটি নিরাপদ না হওয়ায় কর্মীদের জীবনের ঝুঁকি নিয়ে আমরা নিবিড় তল্লাশি চালাতে পারছি না।’
ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, ‘আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে তা ভয়াবহ এবং অপ্রত্যাশিত। আগুন কেন এত দ্রুত ছড়িয়ে পড়ল তা জানার অধিকার মানুষের আছে। এই বিষয়ে পূর্ণ সরকারি তদন্ত করা হবে।’ এদিকে মে টাওয়ার পরিদর্শনে গেলেও ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা না করায় সমালোচনার মুখে পড়েছেন তিনি। ফায়ার সার্ভিসের লোকদের সঙ্গে দেখা করেই ফিরে আসেন মে। টুইটারে একজন বলেন, ‘সাদিক খান ও করবিন ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করেছেন। অথচ মে নিজের মানবতাটুক্ওু প্রকাশ করেন নি।’
লেবার পার্টির নেতা জেরেমি করবিন ঘটনাস্থল পরিদর্শন করে বলেছেন, ‘সত্য বেরিয়ে আসবে।’ এই সময় তিনি ক্ষতিগ্রস্তদের সান্তনা দেন ও তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। লন্ডনের মেয়র সাদিক খান ভবন পরিদর্শন করতে গেলে জনতা তাকে ঘিরে ধরে। একজন নারী প্রশ্ন করেন, মি.খান কত শিশু মারা গিয়েছে, জানেন আপনি? ওই পরিস্থিতি সামলে নিয়ে মেয়র তাকে জড়িয়ে ধরে সান্তনা দেন। ক্ষুদ্ধ জনতা তার দিকে বোতল ছুঁড়ে মারে ও আক্রমণাত্মক মন্তব্য করে। তবে নিরাপত্তারক্ষীরা পরে সব সামলে নেয়।
পূর্বাশানিউজ/১৬-জুন,২০১৭/ফারজানা
পূর্বাশা























































