শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেশে এখন রাজনীতি নেই, গণতন্ত্র নেই: আবুল মকসুদ


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৬.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওপর হামলার ঘটনা রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও নষ্ট রাজনীতির উদাহরণ। এটা রাজনৈতিক শিষ্টাচার বহিভুত। এধরনের ঘটনা কোনো ভাবেই মেনে নেওয়া যায় না। ত্রাণবাহি বহরের ওপর এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। টিভিএনএ নিউজকে দেয়া একান্ত সাক্ষাতকারে এসব কথা বলেন, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ।

রোববার চট্টগ্রামের রাঙ্গামাটি যাওয়ার পথে রাঙ্গুনিয়ার ইছাখালী বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ভাংচুর করা হয় বহরের সবগুলো গাড়ি। এতে মির্জা ফখরুলসহ ছয় নেতা আহত হন। হামলার পর থেকে সমালোচনা চলছে সর্বত্র। আবুল মকসুদ বলেন, আওয়ামীলীগকে এখন হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। তবেই তাদের অবস্থান জনগণের কাছে পরিস্কার হবে। তিনি বলেন,  দেশে এখন রাজনীতি নেই, গণতন্ত্র নেই। একদলীয় সরকার ব্যবস্থায় চলছে দেশ। গণতন্ত্রহীনতার মধ্যে জনগণ জিম্মি হয়ে আছে। যেখানে বিএনপির মতো দলের মহাসচিব আক্রান্ত হন সেখানে সাধারণ মানুষের জীবনের কি নিরাপত্তা রয়েছে এ প্রশ্ন তোলেন তিনি। এ ধরণের হামলার ঘটনাকে সম্পূর্ণ সন্ত্রাসী ও জঙ্গি কর্মকান্ডের সাথে তুলনা করা চলে বলে জানান আবুল মকসুদ।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে একজন সজ্জন ও ভদ্র রাজনৈতিক নেতা উল্লেখ করে আবুল মকসুদ বলেন. ঐ হামলায় তিনি আহত হয়েছেন, জামা কাপড় রক্তাক্ত হয়েছে। তিনি গেঞ্জি গায়ে দিয়ে সাংবাদিকদের সামনে এসেছেন। এর চেয়ে জঘন্য লজ্জা সরকারের জন্য আর কিছু হতে পারে না। এ লজ্জা বিএনপি নেতাদের জন্য নয়। এ ঘটনায় দেশের ভাবমূর্তি নষ্ট হয়েছে বলে দাবি করেন আবুল মকসুদ। বলেন, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে সে জন্য ক্ষমতাসীন দলের শুভ বুদ্ধির উদয় হবে এটাই আশা করেন সবাই ।

২০/০৬/ ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি