শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


৫ সাক্ষীর জেরা করার অনুমতির আবেদন খালেদার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচজন সাক্ষীর জেরা করার অনুমতি দিতে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

আজ বুধবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় খালেদার আইনজীবীরা এ আবেদন করেন।

আগামী রোববার বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হতে পারে।

খালেদার আইনজীবী প্যানেলের সদস্য জাকির হোসেন ভূঁইয়া জানান, গত ৮ জুন পাঁচজন সাক্ষীর জেরা করার অনুমতি চেয়ে আবেদন নামঞ্জুর করেন বিচারিক আদালত। এই নামঞ্জুরের বিরুদ্ধে আজ হাইকোর্টে রিভিশন আবেদন করা হয়েছে।

ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ এই মামলার বিচারকাজ চলছে।

মামলা সূত্রে জানা গেছে, দুদকের পক্ষের ৩২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও আপিল বিভাগের নির্দেশে তদন্ত কর্মকর্তাকে জেরা শেষ হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা গেছে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে আসা ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় এই মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মামলার তদন্ত কর্মকর্তা হারুন-অর রশিদ ২০১২ সালের ১৬ জানুয়ারি খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। পরের বছরের ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার শুরু হয়।

পূর্বাশানিউজ/০৫-জুলাই,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি