শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে আইডি কার্ড বাধ্যতামূলক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক :

বাংলাদেশে অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের যাত্রীদের বোর্ডিং পাস নেয়ার সময় টিকেটের সঙ্গে ছবিসহ পরিচয়পত্র দেখানও বাধ্যতামূলক করা হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ৩০ জুন একটি সার্কুলারে এই নির্দেশনা জারির পর ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস বিভাগ তা বিমান পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দেয়।

এ বিষয়ে জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জিএম (জনসংযোগ বিভাগের) শাকিল মেরাজ বলেন, ‘চিঠিটা বিমান গতকাল মেইলে পেয়েছে। নির্দেশনাটি যতদ্রুত সম্ভব কার্যকর করতে বলা হয়েছে।’

আন্তর্জাতিক রুটের ফ্লাইটে চড়তে পাসপোর্ট প্রয়োজন হলেও অভ্যন্তরীণ রুটে কেবল টিকেট থাকলেই বোর্ডিং পাস, অর্থাৎ উড়োজাহাজে চড়ার অনুমতি পাওয়া যেত।

এখন অভ্যন্তরীণ রুটের যাত্রীদের টিকেটের সঙ্গে তাদের ছবিসহ পরিচয়পত্র দেখাতে হবে।

যেসব পরিচয়পত্র দেখানো যাবে

> পাসপোর্ট

> জাতীয় পরিচয়পত্র/স্মার্ট কার্ড

> ড্রাইভিং লাইসেন্স

> ছাত্র হলে শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া ছবিযুক্ত পরিচয়পত্র

> সংশ্লিষ্ট অন্য কোনো প্রতিষ্ঠানের দেওয়া ছবিসহ পরিচয়পত্র

এয়ারলাইন্সগুলোকে বলা হয়েছে, তাদের চেক-ইন কাউন্টারে যেন ফটো আইডির নামের সঙ্গে টিকেটের নাম মিলিয়ে তারপর বোর্ডিং পাস দেয়া হয়।

এই নির্দেশনার কারণ জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক (ফ্লাইট সেইফটি অ্যান্ড রেগুলেশনস) চৌধুরী জিয়াউল কবির বলেন, ‘নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে যিনি টিকিট কাটছেন তিনিই ভ্রমণ করছেন কিনা তা নিশ্চিত করতে এই নির্দেশনা দেয়া হয়েছে।’

অভ্যন্তরীণ রুটে চলাচল করে এমন সব উড়োজাহাজের ক্ষেত্রে এই নির্দেশনা প্রযোজ্য হবে বলে জানান তিনি।

পূর্বাশানিউজ/০৫-জুলাই,২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি