
ডেস্ক :
ঈদের পর আন্দোলনে নামা হবে বলে দলের শীর্ষ নেতারা আভাস দিলেও আপাতত সে ধরনের কোনো কর্মসূচি দেয়ার সম্ভাবনা নেই বিএনপির। বরং দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে শক্তিশালী করতে কমিটি পুনর্গঠনের পাশাপাশি ২ মাসব্যাপী ঘোষিত নতুন সদস্য সংগ্রহ ও প্রাথমিক সদস্যপদ নবায়ন কর্মসূচিতেই মনোযোগ দিচ্ছে দলটি। এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেটে ১ জুলাই শুরু হওয়া এ কর্মসূচি এরই মধ্যে সারা দেশে নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে। ১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের সব মহানগর, জেলা, থানা ও পৌর এলাকাসহ বিভিন্ন ইউনিটে চলবে এ কর্মসূচি। এ সময়ের মধ্যে রাজধানী ঢাকাতেই ২ লক্ষাধিক নতুন সদস্য সংগ্রহের টার্গেট নিয়ে কাজ শুরু করেছেন নেতারা। দেশের অধিকাংশ শাখাতেই পৃথক টার্গেট নিয়ে নতুন সদস্য সংগ্রহ অভিযান চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
পূর্ব ঘোষণা অনুযায়ী ১ জুলাই রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে কেন্দ্রীয়ভাবে দলের ‘প্রাথমিক সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ১০ টাকার বিনিময়ে সদস্য রসিদে স্বাক্ষর করে নিজের প্রাথমিক সদস্যপদ নবায়ন করেন তিনি। এ সময় এক কোটি নতুন সদস্য সংগ্রহের টার্গেট দিয়ে নেতাকর্মীদের এ কর্মসূচিতে অংশ নেয়ার আহ্বান জানান খালেদা জিয়া। পরে দলের শীর্ষ বেশ ক’জন নেতা তাদের সদস্যপদ নবায়ন করেন। এ সময় ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের মোট ৬ জন নতুন সদস্য ফরম সংগ্রহ করেন।
দুই মাসব্যাপী কর্মসূচি শুরু প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আলোকিত বাংলাদেশকে বলেন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন বিএনপির একটি বিশেষ ও বড় কর্মসূচি। তবে আন্দোলন-সংগ্রামের কারণে কয়েক বছর এ কর্মসূচি পালিত হয়নি। তিনি জানান, বিএনপি চেয়ারপারসনের উদ্বোধনের পর সারা দেশে এ কর্মসূচি শুরু হয়েছে। সারা দেশ থেকে নেতারা সদস্য ফরম নিতে আসছেন কেন্দ্রীয় অফিসে। এ অফিসেও নতুন সদস্য হওয়ার জন্য সার্বক্ষণিক সুযোগ রাখা হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে এ কর্মসূচির মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী এবং নেতাকর্মীরা চাঙ্গা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এদিকে নেতাদের পূর্বাভাস অনুযায়ী ঈদের পরে আন্দোলনের কোনো কর্মসূচি থাকছে কিনা এ প্রসঙ্গে রিজভী বলেন, আমরা তো আন্দোলনের কর্মসূচির মধ্যেই আছি। আমাদের দলের প্রাথমিক সদস্য সংগ্রহ এবং পুরনো সদস্যপদ নবায়ন কার্যক্রম শুরু হয়েছে। ঈদের পরে শনিবার ম্যাডাম তা উদ্বোধন করেছেন। ১ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে এ কর্মসূচি চলবে। তিনি বলেন, এটা সাংগঠনিক তৎপরতা। আন্দোলনের প্রাথমিক প্রস্তুতি।
বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, সর্বশেষ ২০০৯ সালে এ কর্মসূচি পালন করে দলটি। বর্তমানে বিএনপির প্রায় ৫০ লাখ প্রাথমিক সদস্য আছে।
রাজধানীতে ২ লক্ষাধিক সদস্য সংগ্রহের টার্গেট : কেন্দ্রঘোষিত ২ মাসব্যাপী কর্মসূচি চলাকালে রাজধানীতে নতুন ২ লক্ষাধিক সদস্য সংগ্রহের টার্গেট নিয়ে কাজ শুরু করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। এ কর্মসূচিকে দল গোছানো ও নির্বাচনের প্রস্তুতি হিসেবেও দেখছেন সংশ্লিষ্ট নেতারা।
এ প্রসঙ্গে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান বলেন, আমাদের শাখার ২৬টি থানার মাধ্যমে ওয়ার্ডে ওয়ার্ডে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। আমরা ১ লাখ নতুন সদস্য সংগ্রহের টার্গেট নিয়েছি।
তিনি বলেন, নতুন সদস্য সংগ্রহের জন্য আমরা থানার নেতাদের ব্রিফিং করেছি। তারা সেভাবেই কৌশলে কাজ করছে। বর্তমানে সরকার পক্ষের বাধার কারণে রাজপথে অন্য কোনো কর্মসূচিই পালন করা যাচ্ছে না। এ অবস্থায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনকে সামনে রেখে দল গোছানো ও জনসংযোগ দুটোই হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা বলেন, আমাদের শাখায় বেশ কিছু এলাকায় সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি শুরু হয়েছে। আগামী সপ্তাহে পুরোপুরি শুরু হবে। লক্ষাধিক নতুন সদস্য সংগ্রহের টার্গেট নেয়া হয়েছে জানিয়ে ইউনুস মৃধা বলেন, আমাদের ২৫টি থানার ৬৬টি ওয়ার্ডে বিএনপির সমমনা, সমর্থক ও শুভাকাক্সক্ষীদের সদস্য করার জন্য কাজ করা হচ্ছে।
উল্লেখ্য, ঈদের আগে ২৩ জুন সংবাদ সম্মেলনের মাধ্যমে দলের সদস্য সংগ্রহ ও নবায়নের জন্য ২ মাসব্যাপী এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ১ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে বলে সে সময় জানান তিনি।

























































