
ডেস্ক :
রাজধানীর বনানীর রেইনট্রি হোটেলে দুই তরুণী ধর্ষণের মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠনে শুনানির পরবর্তী দিন ১৩ জুলাই নির্ধারণ করা হয়েছে। আসামিপক্ষ সময় চেয়ে আবেদন করলে এ তারিখ নির্ধারিত হয়।
আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক শফিউল আজমের আদালত এ দিন ধার্য করেন। আসামিদের বিরুদ্ধে আজ অভিযোগ গঠনে ধার্য দিন ছিল। কিন্তু আসামিপক্ষের সময় আবেদন মঞ্জুর করে আদালত শুনানির জন্য পরবর্তী তারিখ ১৩ জুলাই ধার্য করেন।
মামলার অন্য আসামিরা হলেন— আপন জুয়েলার্সের মালিকের ছেলের বন্ধু নাঈম আশরাফ, সাদমান সাকিফ, সাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী আবুল কালাম আজাদ।
এর আগে সকাল ১০টার দিকে সাফাত আহমেদসহ পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়।
আদালত সূত্র জানায়, অভিযোগ গঠন হলে আনুষ্ঠানিকভাবে শুরু হবে আলোচিত এই মামলার বিচার কার্যক্রম।
এর আগে গত ৮ জুন ঢাকার মুখ্য মহানগর হাকিমের (সিএমএম) আদালতে সাফাতসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের (ভিকটিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক ইসমত আরা এ্যানি।
জন্মদিনের পার্টিতে দাওয়াত দিয়ে হোটেলে আটকে রেখে ধর্ষণের অভিযোগ এনে গত ৬ মে বনানী থানায় ওই পাঁচজনকে অসামি করে মামলা করেন ধর্ষণের শিকার এক ছাত্রী।
গত ২৮ মার্চ রাত ৯টা থেকে পরদিন সকাল ১০টা পর্যন্ত বনানীর হোটেল রেইনট্রিতে তাদের আটকে রেখে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় বলে মামলার আরজিতে উল্লেখ করা হয়।
মামলার পর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পাঁচ আসামির সবাইকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বর্তমানে তারা সবাই কারাগারে আছেন।






















































