
পূর্বাশা ডেস্ক :
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন জানিয়েছেন, শুষ্ক মৌসুমে রাজধানীতে ধূলিদূষণ মানমাত্রার চেয়ে তিন গুণের বেশি হয়। পরিবেশ সংরক্ষণ বিধিমালা অনুযায়ী, ধূলিদূষণের মানমাত্রা যেখানে সর্বোচ্চ ১৫০ (ইউজি/এম৩), সেখানে শুষ্ক মৌসুমে ঢাকা শহরের ধূলিদূষণের মাত্রা ৪৯৯ (ইউজি/এম৩)।
নরওয়েজিয়ান ইনস্টিটিউট ফর এয়ার রিসার্চের (এনআইএলইউ) সহায়তায় পরিচালিত গবেষণার ফলাফলে এ তথ্য এসেছে বলে জানান পরিবেশ ও বনমন্ত্রী। আজ রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে সরকার দলের এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
পরিবেশ ও বনমন্ত্রী জানান, ঢাকা শহরের ধূলিদূষণের অন্যতম কারণ হচ্ছে পার্শ্ববর্তী এলাকার বিদ্যমান ইটভাটা (৫৮ শতাংশ), খোলা অবস্থায় নির্মাণ কার্যক্রম পরিচালনা (১৮ শতাংশ) ও যানবাহন (১০ শতাংশ)।
লক্ষ্মীপুর-৩ আসনের এ কে এম শাহজাহানের প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন জানান, পানিদূষণ নিয়ন্ত্রণে কঠোর অবস্থানের কারণে দেশে ইটিপি ব্যবহারকারী শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ১ হাজার ৫৫৩টিতে উন্নীত হয়েছে, যা এ পর্যন্ত শনাক্ত করা পানিদূষণকারী মোট শিল্পপ্রতিষ্ঠানের ৯০ দশমিক ৮৭ শতাংশ।
মন্ত্রী জানান, পরিবেশদূষণ রোধে বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা ২০১৭, ওয়েস্ট বিধিমালা ২০১৭ ও পরিবেশ সংরক্ষণ বিধিমালা ২০১৭ এবং জাতীয় পরিবেশনীতি ২০১৭-এর খসড়া প্রস্তুত করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, গত ২০০৯-১০ অর্থবছর থেকে ২০১৬-১৬ অর্থবছর পর্যন্ত ৩ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ট্রাস্ট ফান্ড থেকে ৫০১টি প্রকল্প গ্রহণ করা হয়েছে, যার মধ্যে ২১৩টি প্রকল্প সফলভাবে সমাপ্ত হয়েছে।
মো. ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন জানান, রূপসী বাংলা হোটেলের সংস্কারকাজ শেষ করার জন্য অক্টোবর ২০১৭ পর্যন্ত সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। সংস্কারকাজ শেষে হোটেলটি পরিচালনার জন্য ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপের কাছে হস্তান্তর করা হবে। প্রয়োজনীয় টেস্টিং, ব্যালেন্সিং, কমিশনিংয়ের পর এ বছরের শেষের দিকে হোটেলটি উদ্বোধন করা হবে।
০৯ জুলাই ২০১৭/ Choity.






















































