
পূর্বাশা ডেস্ক:
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি বলেছেন, রোহিঙ্গা সমস্যার সমাধান মিয়ানমারেই খুঁজতে হবে। ঢাকা সফরের সমাপনী সংবাদ সম্মেলনে আজ সন্ধ্যায় তিনি এ মন্তব্য করেন। তিনি জানান, চলতি মাসের শুরুতে মিয়ানমার সফর করেছেন। সেখানে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইনদের বিভিন্ন এলাকা পরিদর্শন করা ছাড়াও দেশটির স্টেট কাউন্সেলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সূচী’র সঙ্গে তাঁর আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার রোহিঙ্গাদের নাগরিকত্ব যাছাই-বাছাই প্রক্রিয়া চালুর আগ্রহ প্রকাশ করেছে জানিয়ে জাতিসংঘের দূত বলেন, অত্যন্ত জটিল রোহিঙ্গা সমস্যা সমাধানে নাগরিকত্ব বিষয়টি গুরুত্বপূর্ণ। মিয়ানমার সরকার এক্ষেত্রে সফল হলে অনেক সমস্যা সমাধানের দ্বার খুলে যাবে। জাতিসংঘ এ প্রক্রিয়ায় টেকনিক্যাল সার্পোট দেবে বলে জানান ঢাকা সফররত জাতিসংঘের এই দূত। তিনি বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাংলাদেশ প্রায় ৩০ বছর ধরে ৩/৪ লাখ রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দিয়েছে। জনবহুল এই দেশটিতে নানা সমস্যা থাকা সত্ত্বেও বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে চলেছে। ফিলিপ্পো গ্রান্ডি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের প্রতি সহায়তা অব্যাহত রাখতে।
১০ জুলাই ২০১৭/ Choity.
























































