
আগামী সংসদ নির্বাচন নিয়ে ইসির সংলাপে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সেখানে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করার বিষয়ে বেশ কিছু প্রস্তাব দেবে দলটি। দলের তৃণমূল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এ প্রস্তাবনা তৈরির কাজ প্রায় শেষ। এরই মধ্যে ৬৪ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে ভোটার তালিকা সংশোধন, সীমান্ত পুনর্নির্ধারণ, ভুয়া ভোটার চিহ্নিতকরণসহ বেশ কিছু বিষয়ে তথ্য সংগ্রহ করেছে বিএনপি। দলের কেন্দ্রীয় অংশের দায়িত্বে থাকা কয়েকজন সিনিয়র নেতা ও বুদ্ধিজীবী এর ভিত্তিতে একটি খসড়া তৈরি করছেন।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘নির্বাচন কমিশন আলাপ-আলোচনা করতে চাইলে অবশ্যই আমরা যাব, আমাদের প্রস্তাবনা তুলে ধরব। নির্বাচন কমিশনকে শক্তিশালী করার বিষয়ে আগেই বিএনপি মতামত দিয়েছে। তার সঙ্গে হয়তো আরো কিছু যোগ হবে। ’
দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে বিএনপি। আমাদের প্রস্তাবগুলো কতটুকু আমলে নেওয়া হচ্ছে তা দেখার পর বোঝা যাবে ইসি আসলে নিরপেক্ষ থাকবে, নাকি সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করবে। ’
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ইসির সঙ্গে সংলাপের এসব প্রস্তাবনা তৈরি করা হচ্ছে। এর সঙ্গে যুক্ত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নির্বাচন কমিশনে কাজ করেছেন এমন কয়েকজন সাবেক আমলাসহ বিএনপিপন্থী বেশ কয়েকজন বুদ্ধিজীবী। গতকাল সোমবার এক প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট এক নেতা জানান, মির্জা ফখরুলের নেতৃত্বে ১২ সদস্যের প্রতিনিধিদলের ইসিতে যাওয়ার কথা রয়েছে।
সূত্র বলছে, সংলাপে যেসব প্রস্তাবনা থাকবে তার খসড়া এরই মধ্যে তৈরির কাজ প্রায় শেষ। তৃণমূল থেকে বিভিন্ন তথ্য এখনো আসছে। চলতি মাসের ১৫ তারিখ পর্যন্ত এসব তথ্য গ্রহণ করা হবে।
‘নির্বাচন কমিশনকে অধিকতর শক্তিশালী করার লক্ষ্যে করণীয়’ শিরোনামে বিএনপির খসড়া প্রস্তাবনায় যা থাকবে—
নির্বাচন কমিশনকে আরো কার্যকর ও শক্তিশালী করা এবং আরপিওসহ অন্যান্য নির্বাচনী বিধিবিধান সময়োপযোগী ও যৌক্তিকীকরণের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে হবে। এসবের মধ্যে আরপিওর সংশোধনীর মধ্যে বলা হয়েছে RPODefinition Clause Gi Article 2 (Xlaa)-তে Law Enforcing Agency হিসেবে অন্যান্য বাহিনীর সঙ্গে Defense Services of Bangladesh পুনঃস্থাপন করতে হবে। (উল্লেখ্য, ২০০৯ সালের সংশোধনীতে Defense Services of Bangladesh-কে এই সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয়েছিল)। ভোটগ্রহণের আগে বিভিন্ন বুথে খালি বাক্স সরবরাহের পর অবশিষ্ট শূন্য ব্যালট বাক্স, যদি থাকে, এমন নিরাপদ স্থানে রাখতে হবে যাতে তা প্রার্থী অথবা নির্বাচনী এজেন্ট অথবা পোলিং এজেন্টদের কাছে দৃশ্যমান থাকে। ভোট চলাকালে ব্যালট বাক্স পরিপূর্ণ হয়ে গেলে সে বাক্সগুলো সংশ্লিষ্ট বুথেই রাখতে হবে, যাতে তা সংশ্লিষ্ট সহকারী প্রিসাইডিং অফিসার এবং নির্বাচনী এজেন্ট অথবা পোলিং এজেন্টদের কাছে দৃশ্যমান থাকে। ভোট শেষে ব্যালট গণনার জন্য কেবল ভোটগ্রহণে ব্যবহৃত ব্যালট বাক্সগুলো খোলা হবে। প্রিসাইডিং অফিসার তাঁর স্বাক্ষরিত ফলাফল শিট ভোটকেন্দ্রে পোলিং এজেন্টকে হস্তান্তর না করে কেন্দ্র ত্যাগ করবেন না।
বাংলাদেশ নির্বাচন কমিশন শক্তিশালীকরণ অংশে বলা হয়েছে—নির্বাচন কমিশনের নিজস্ব সচিবালয় গঠন করতে হবে। সংবিধানের ৭৯ অনুচ্ছেদে জাতীয় সংসদের নিজস্ব সচিবালয় থাকবে বলে উল্লেখ আছে। এ সচিবালয়ের আর্থিক স্বাধীনতা থাকতে হবে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে, নতুনভাবে গঠিত নির্বাচন কমিশনকে এর নিজস্ব সচিবালয় ও মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ের নির্বাচনী কর্মকর্তা অর্থাৎ রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আপিল কর্তৃপক্ষ, প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্মকর্তা, রেজিস্ট্রেশন অফিসার, সহকারী রেজিস্ট্রেশন অফিসার, রিভাইজিং অথরিটি, নির্বাচনকাজে নিয়োজিত বিচার বিভাগীয় কর্মকর্তাদের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে রাজনৈতিক দলের প্রতি প্রকাশ্য আনুগত্য পোষণকারী কর্মকর্তাদের চিহ্নিত করে অতিসত্বর প্রত্যাহার এবং প্রত্যাহারকৃত কর্মকর্তাদের যেকোনো ধরনের দায়িত্ব পালন থেকে বিরত রাখতে হবে। নির্বাচন কমিশন সচিবালয় ও তাদের মাঠপর্যায়ের যেসব কর্মকর্তা-কর্মচারী বিগত ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ও পরবর্তী সময়ে বিভিন্ন পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে গণপ্রতিনিধিত্ব আদেশ ও অন্যান্য নির্বাচনী বিধিবিধানের ব্যত্যয় ঘটিয়েছেন, তাঁদের তালিকা প্রণয়ন এবং তাঁদের নির্বাচনী কার্যক্রম থেকে বিরত রাখতে হবে। প্রেষণে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত প্রকাশ্য রাজনৈতিক মতাবলম্বী কর্মকর্তাদের চিহ্নিত করে তাঁদের ভবিষ্যতে অন্য যেকোনো নির্বাচনী দায়িত্ব পালন করা থেকে বিরত রাখতে হবে।
এই অংশে আরো বলা হয়েছে—সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান নিশ্চিতকরণের লক্ষ্যে নির্বাচন কমিশন তফসিল ঘোষণার সময় মাঠপর্যায়ে কর্মরত জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের প্রত্যাহার করে নতুন কর্মকর্তা পদায়নের ব্যবস্থা গ্রহণ করবে। নতুন কর্মকর্তা পদায়নে বিগত পাঁচ বছর বিভিন্ন পদমর্যাদায় ওই জেলায় চাকরিরত ছিলেন এমন কর্মকর্তাদের একই জেলায় জেলা প্রশাসক ও পুলিশ সুপার পদে পদায়ন করা যাবে না। একইভাবে প্রত্যেক উপজেলা এবং থানায় কর্মরত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের প্রত্যাহার করে নতুন কর্মকর্তা নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তফসিল ঘোষণার প্রাক্কালে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন—স্বরাষ্ট্র, অর্থ, তথ্য, জনপ্রশাসন, স্থানীয় সরকার, শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা, পররাষ্ট্র এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সংবিধানের ১২৬ অনুচ্ছেদ ও গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৫ অনুচ্ছেদ অনুসারে নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। তফসিল ঘোষণার তারিখ থেকে নির্বাচিত নতুন সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত এ ব্যবস্থা বলবৎ থাকবে।
খসড়া প্রস্তাবনায় আরো বলা হয়েছে, সবার মতামতের ভিত্তিতে নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বা পুনর্বিন্যাস করতে হবে, প্রতিরক্ষা বাহিনীকে ম্যাজিস্টেরিয়াল ক্ষমতা দিয়ে নির্বাচনী এলাকায় টহলসহ ভোটকেন্দ্রে ও বিশেষ বিশেষ স্থানে মোতায়েনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। সব রাজনৈতিক নেতা ও কর্মী, যারা ভোটার হওয়ার যোগ্য, কিন্তু বিভিন্ন মিথ্যা ও হয়রানিমূলক মামলায় কারান্তরীণ রয়েছেন, তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা হালনাগাদকরণ নিশ্চিত করতে হবে। প্রত্যেক কেন্দ্রে ভোট গণনার সময় ওই কেন্দ্রের প্রত্যেক বুথে প্রার্থী কর্তৃক নিযুক্ত পোলিং এজেন্টকে অবশ্যই উপস্থিত রাখতে হবে। ভোটগ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে গণনা শুরু করতে হবে। মাঝখানে কোনো বিরতি দেওয়া যাবে না। তফসিল ঘোষণার পর থেকে নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচনী আইন, আচরণবিধি ও অন্যান্য নির্বাচনী বিধিবিধান ভঙ্গের অভিযোগপত্র এবং নির্বাচনসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে দাখিলকৃত অভিযোগপত্র গ্রহণ ও লিখিত প্রাপ্তি স্বীকার এবং তাৎক্ষণিকভাবে কার্যকর প্রতিবিধান করতে হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, ‘আগামী মাসে সংলাপের জন্য যদি নির্বাচন কমিশন আমাদের আমন্ত্রণ জানায় সে ক্ষেত্রে তো আগে থেকেই প্রস্তুতি রাখতে হবে। এ জন্য আমরা কাজ করছি। সংলাপের আগে হয়তো কিছু সংযোজন বা বিয়োজন হবে। কেননা তৃণমূল থেকে কিছু প্রস্তাবনা আসা বাকি রয়েছে, আবার দলের সর্বোচ্চ ফোরামেও এ নিয়ে আলোচনা হবে। ’
এদিকে আগামী সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে না—নির্বাচন কমিশনের এ ঘোষণায় কিছুটা শঙ্কামুক্ত বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান বলেন, ‘সরকার ক্ষমতায় ফিরতে যেসব অপকৌশল চালিয়ে আসছে, তার একটি হলো ইভিএম ব্যবহার। নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্তকে স্বাগত জানাই। পাশাপাশি সহায়ক সরকারসহ বিএনপির আর যেসব দাবি আছে সেগুলোরও আমরা সমাধান চাই।
১১ জুলাই ২০১৭/মাহি

























































