
পূর্বাশা ডেস্ক
রাষ্ট্রীয় ক্ষমতা আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষা পূরণের জন্য নয় সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন মন্তব্য করে বলেন, ছাত্রজীবন থেকেই আমি রাজনীতিতে সক্রিয় ছিলাম।তখন প্রত্যেক আন্দোলনে অংশ গ্রহণ করেছি সত্য ও সৎ পথে থেকেছি। সত্য ও সৎ পথে থাকলে যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব।
বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১১৬টি দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে জাতিসংঘ সহ বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে বাংলাদেশ যুক্ত হয়েছে ।
শেখ হাসিনা বলেন, ১৯৭৬ সাল থেকে আওয়ামী লীগ জনগণের মুখে হাসি ফুটিয়েছে।এমনকি ২০০৯ সালে ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করেছে। আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে (২০০৯ হতে ২০১৭ সালের ১৫ জুন পর্যন্ত) মোট ৪৬ লাখ ৭৯ হাজার ২২৯ কর্মী বিদেশে গেছেন। বুধবার জাতীয় সংসদে আয়েন উদ্দিনের (রাজশাহী-৩) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। এর আগে বিকেল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক কর্মসংস্থান খাতকে থ্রাস্ট সেক্টর (অগ্রাধিকারপ্রাপ্ত খাত) হিসেবে ঘোষণা করেছি। এ খাতের গুরুত্ব বিবেচনায় বিদ্যমান শ্রম বাজার ধরে রাখার পাশাপাশি নতুন নতুন শ্রম বাজার সৃষ্টিতে জোর দিয়েছি।
বিগত জোট সরকারের আমলে যেখানে বিশ্বের মাত্র ৯৭ দেশে কর্মী পাঠানো হতো সেখানে নতুন আরও ৬৫ দেশে কর্মী পাঠানোসহ বর্তমানে এই সংখ্যা ১৬২ তে উন্নীত হয়েছে। নতুন শ্রম বাজার সৃষ্টির লক্ষ্যে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিদেশে অবস্থানরত বাংলাদেশ দূতাবাস/হাইকমিশন ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় সরকার শ্রম বাজার সম্প্রসারণে কাজ করছে। এ সময় প্রধানমন্ত্রী শ্রম বাজার সম্প্রসারণের বিস্তারিত তুলে ধরেন।
শফিকুল ইসলাম শিমুলের (নাটোর-২) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে বাণিজ্য সস্প্রসারণের লক্ষ্যে আওয়ামী লীগ সরকার বিভিন্ন দেশের সঙ্গে আলোচনার মাধ্যমে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ভারতসহ ৪৫টি দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। মু্ক্ত বাণিজ্য চুক্তির লক্ষ্যে পলিসি গাইডলাইন ফর ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ২০১০ প্রণয়ন করেছে। এসময় বাণিজ্য বৃদ্ধির জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের প্রতিটি অর্জনের পেছনে বঙ্গবন্ধুর অবদান রয়েছে। তিনি ৬ দফা দিয়েছেন। একটা স্বাধীন দেশ কিভাবে চলবে তারও দিক-নির্দেশনা দিয়েছেন।
১২/০৭/২০১৭/Choity.

























































