শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভোটগ্রহণ শেষ, বৃহস্পতিবার ভোট গণনা


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

ভারতের চতুর্দশ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটদান প্রক্রিয়া সম্পূর্ণ হল সোমবার । মোট ৯৯ শতাংশ ভোট পড়েছে বলে জানিযেছেন রিটার্নিং অফিসার অনুপ মিশ্র। বৃহস্পতিবারই জানা যাবে দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন। অঙ্কের হিসেবে এনডিএ সমর্থিত প্রার্থী রামনাথ কোবিন্দের জয় নিশ্চিত।ভোট শেষে বিজেপি নেতাদের দাবি ৭০শতাংশের বেশি ভোট পেয়ে জিতবেন রামনাথ কোবিন্দ। কিন্তু কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী যেভাবে আদর্শের লড়াই হিসেবে রাষ্ট্রপতি নির্বাচনকে তুলে ধরেছেন তাতে ক্ষীণ আশার আলো দেখতেই পারেন মীরা কুমার। কারণ, এই নির্বাচনে কোনও রাজনৈতিক দল হুইপ জারি করতে পারেন না।মানে, বলতে পারেন না দলের সকল সাংসদ বা বিধা্য়ককে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ভোট দিত হবে। সোমবার সকাল ১০টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল ৫টা পর্যন্ত। মুখোমুখি লড়াইয়ে এনডিএ প্রার্থী রামনাথ কোবিন্দ ও বিরোধী প্রার্থী মীরা কুমার। শুরু থেকেই দৌড়ে এগিয়ে বিহারের প্রাক্তন রাজ্যপাল রামনাথ কোবিন্দ। তাঁর সমর্থনে এনডিএ ছাড়াও জেডিইউ ,এআইডিএমকে ,বিজু জনতা দলের মতো রাজনৈতিক দলগুলির সমর্থন জোগাড় করে ফেলেছে বিজেপি। হিসেব অনুযায়ী মোট ৬৩ শতাংশ ভোট রয়েছে কোবিন্দের দখলে। তাই তাঁর জয় একরকম নিশ্চিতই।কেন্দ্রীয় মন্ত্রী রবিশংকর প্রসাদ ভোট দিয়ে বেরিয়ে এসে বলেন , “রামনাথ কোবিন্দ নির্ণায়ক ভোট পেয়ে গিয়েছেন। সর্বসম্মত প্রার্থী হলে ভাল হত।তবে এটা কোনও বড় ব্যাপার নয়।” তবে মতাদর্শের লড়াইয়ে ভরসা করছেন লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার। ক্রস ভোটিংয়ের সম্ভাবনাও রয়েছে। তবে শুরুতেই বিরোধী শিবিরের মনোবলে ধাক্কা দিয়েছে এনসিপি। রামনাথ কোবিন্দই জিতবেন বলে আক্ষেপ করতে শোনা গিয়েছে লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চ্যাটার্জিকে। তবে পশ্চিমবঙ্গের বিধায়করা মীরা কুমারকে ভোট দেওয়ায় খুশি তিনি। ভোটদান করতে সকাল সকাল সংসদে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনিই সর্বপ্রথম ভোটদান করেন। রামনাথ কোবিন্দকে গতকালই আগাম শুভেচ্ছা জানিয়ে রেখেছিলেন তিনি।সংসদভবনে ভোট দিলেন কংগ্রেস দলনেত্রী সোনিয়া গান্ধী, সহ সভাপতি রাহুল গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। হিমাচলে দুপুরের মধ্যেই ৬৭ বিধায়কের ভোটদান শেষ হয়ে যায় । কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোটদানের পর সাংবাদিক বৈঠক করে বলেন, সংখ্যা হিসেবে মীরা কুমার হারবেন জেনেও তাঁকেই ভোট দিয়েছেন তিনি। এটাই তাঁর প্রতিবাদের ভাষা। নিজ নিজ রাজ্যে ভোট দিয়েছেন গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পারিকর এবং রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে।দুপুরে প্রবল বর্ষণের মধ্যে ভোট দিয়ে যান দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রামনাথ কোবিন্দকে নিয়ে দ্বিধাবিভক্ত সমাজবাদী পার্টি ।শিবপাল যাদব যখন এনডিএ প্রার্থীর প্রশংসায় পঞ্চমুখ, অখিলেশ যাদব শিবির কিন্তু মীরা কুমারকে সমর্থন করলেন।পাটনা বিধানসভায় ভোটদান করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সংযুক্ত জনতা দলের বিধায়করা রামনাথ কোবিন্দকে সমর্থন করছেন। জোটসঙ্গী রাষ্ট্রীয় জনতা দল মীরা কুমারকে সমর্থন করছে। ভোট দান করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন,‘এই প্রথম উত্তরপ্রদেশ থেকে কেউ রাষ্ট্রপতি হচ্ছেন। এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার’।সকাল ১০টা ১০ মিনিটে উত্তরপ্রদেশ বিধানসভায় ভোটগ্রহণ শুরু হয়। সর্বপ্রথম ভোট দেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দিন কয়েক আগেই সেখান থেকে পিইটিএন বিস্ফোরক উদ্ধার হয়েছিল। তাই ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। উত্তরপ্রদেশের ৪০৩ বিধায়কের মধ্যে বিজেপি ও তার জোটসঙ্গীদের ৩২৫ জন বিধায়ক রয়েছেন। সমাজবাদী পার্টির ৪৭ ও কংগ্রেসের ৭ জন বিধায়ক রয়েছেন। বহুজন সমাজবাদী পার্টির বিধায়ক সংখ্যা ১৯। রাষ্ট্রীয় লোক দল ও নিশাদের ১ জন করে বিধায়ক রয়েছে। সোমবার সকালে লখনউ বিধানসভায় হাজির হন বসপা নেত্রী মায়াবতী। মীরা কুমারকে সমর্থন করছে তাঁর দল। তিনি বলেন, ‘হার জিত নিয়ে মাথা ঘামাচ্ছি না। দলিত সম্প্রদায়ের কেউ রাষ্ট্রপতি হচ্ছেন এটাই বড় কথা।’ বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী ঊমা ভারতী বলেছেন, ‘রামনাথ কোবিন্দই যে জিতবেন তাতে কোনও সন্দেহ নেই। কত ব্যবধানে জেতেন সেটাই শুধু দেখার’। কড়া নিরাপত্তার মধ্যে মহারাষ্ট্র বিধানসভায় ভোট দেন জেলবন্দী বিধায়ক ছগন ভূজবল ও রমেশ কদম।ঝাড়খণ্ডে ৪জন এবং বিহারের ১জন বিধায়ক জেল থেকে বিধানসভায় এসে ভোট দিয়ে যান। আসামের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈ এবং বিপিএফ’র বিধায়ক কমল সিং নার্জারি দিল্লিতে সংসদ ভবনে ভোট দিয়েছেন।

পূর্বাশানিউজ/১৮ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি