
পূর্বাশা ডেস্ক:
ইরান ২০১৫ সালের পরমাণু চুক্তি মেনে চলছে বলে মার্কিন কংগ্রেসে প্রত্যয়ন করার মাত্র ১২ ঘণ্টারও কম সময়ের মধ্যে ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপ করেছে।
ট্রাম্প প্রশাসন গত সোমবার কংগ্রেসকে জানায় যে, যুক্তরাষ্ট্র ও অন্য পাঁচটি বিশ্বশক্তির সঙ্গে ২০১৫ সালে সম্পাদিত পরমাণু চুক্তির শর্তাবলী এখনও মেনে চলছে ইরান। ওই চুক্তি অনুযায়ী ইরানের বিরুদ্ধে আরোপিত অবরোধ তুলে নেয়ার বিনিময়ে ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত করে। কিন্তু গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী গ্রূপগুলোকে সমর্থন দেয়ার কারণে তারা ইরানের বিরুদ্ধে নতুন অবরোধ আরোপ করছে।
পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিদার নুয়ার্ট ওয়াশিংটনে সাংবাদিকদের জানান, ট্রাম্প প্রশাসন ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহায়তাকারী ১৮ টি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে চিহ্নিত করেছে। এসব প্রতিষ্ঠান ইরানের সামরিক সরঞ্জাম কেনা এবং দেশটির বিপ্লবী গার্ড বাহিনীকেও সমর্থন করে এবং সেইসঙ্গে ইরানভিত্তিক সন্ত্রাসী গ্রুপ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদেরও সমর্থন করে।
মার্কিন পররাষ্ট্র দপ্তর ইরানের সহায়তাপ্রাপ্ত গ্রুপগুলোর মধ্যে হেজবুল্লাহ, হামাস এবং ফিলিস্তিনী ইসলামিক জিহাদ গ্রুপের নাম উল্লেখ করে জানায়, এই গ্রুপগুলো ইসরায়েলের নিরাপত্তা এবং মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ।
যুক্তরাষ্ট্র সিরিয়ার আসাদ সরকার এবং ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সমর্থন দেয়ার জন্যও ইরানকে অভিযুক্ত করে।
উল্লেখ্য, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্পাদিক পরমাণু চুক্তি বাতিল করার অঙ্গীকার করেছিলেন।
ইরানের প্রতিক্রিয়া
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেছেন, তার দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন অবরোধ দুদেশের মধ্যকার ক্ষয়িষ্ণু সম্পর্ককে আরও ক্ষতিগ্রস্ত করলো। সিবিএস টেলিভিশনে এক সাক্ষাৎকারে জারিফ বলেন, নতুন অবরোধ আরোপ ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ বিশ্বশক্তির সম্পাদিত পরমাণু চুক্তির চেতনার লংঘন।
তিনি বলেন, এই অবরোধ আরোপের ঘটনা পরমাণু চুক্তির লংঘন কি না সেটা আমরা খতিয়ে দেখবো এবং সেভাবেই পদক্ষেপ নেবো। তার ভাষায়, যুক্তরাষ্ট্র নতুন করে অবরোধ আরোপ করে আন্তর্জাতিক পরিস্থিতি বিষিয়ে তোলার চেষ্টা করছে।
জুলাই ২০১৭/মাহি
























































