বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশ-ভারত সীমান্তে বছরে ৬ হাজার কোটি টাকার অবৈধ বাণিজ্য


বাংলাদেশ-ভারত সীমান্তে বছরে ৬ হাজার কোটি টাকার অবৈধ বাণিজ্য


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ-ভারত সীমান্তে বৈধ উপায়ের চেয়ে অবৈধ বাণিজ্যই হচ্ছে বেশি। এই অবৈধ বাণিজ্যের পরিমাণ এতো যে, পুরো দক্ষিণ এশিয়ার বৈধ বাণিজ্যের মোট বাণিজ্যের ৭২ ভাগ। সম্প্রতি এক হিসেবে দেখা গেছে, ভারত-বাংলাদেশ সীমান্তে প্রতি বছর ৫ হাজার কোটি রুপির অবৈধ বাণিজ্য হয়। যা বাংলাদেশি টাকায় ৬ হাজার কোটি টাকার বেশি।

ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস ও শিলং টাইমসের এক খবরে বলা হয়েছে, বিশ্বের দীর্ঘ সীমান্তগুলোর মধ্যে অন্যতম ভারত-বাংলাদেশ সীমান্তে গরু থেকে শুরু করে জাল নোট, সবই পাচার হচ্ছে। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও বিএসএফ এর অনেক চেষ্টায়ও বন্ধ হচ্ছে না এই অবৈধ বাণিজ্য।

শিলং টাইমসের খবরে বলা হয়েছে, বাংলাদেশে ভারত থেকে গরু রপ্তানি আইনত নিষিদ্ধ করা হলেও চোরা চালানকারীরা থেমে নেই। নদীতে ভাসিয়ে বা নানা উপায়ে বাংলাদেশে পাচার হচ্ছে ভারতীয় গরু। দুই দেশে গরুর দামে বিস্তর তফাৎ থাকার কারণেই এ অবৈধ বাণিজ্য বন্ধ হচ্ছে না।

পত্রিকাটির খবরে বলা হয়েছে, ভারতে যে গরু মাত্র ৫০০০ রুপিতে বিক্রি হয় বর্ডার অতিক্রম করেই বাংলাদেশে সেই গরুর দাম হয় প্রায় ৫০,০০০ টাকার বেশি। দামের এতো বেশি তফাৎ হওয়ার অন্যতম কারণ ‘ঝুঁকি’। সীমান্তে কড়াকড়ি থাকায় গরু পাচারে নানান পন্থা বেছে নিয়েছে পাচারকারীরা। সেইসব পন্থার কারণে পাচারকালে মারা যাচ্ছে অনেক গরু। কিন্ত বাংলাদেশের গরু ব্যবসায়ীরা আগেই সব গরুর দাম পরিশোধ করে দেন। এই অবস্থায় মারা যাওয়া গরুর ক্ষতি পুষিয়ে নিতে বাড়ছে দাম।

বিজিবির অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহিদ হাসান বলেন, ‘আসলে গবাদি পশুর চোরাচালানে বাংলাদেশের অর্থনীতির ক্ষতি হচ্ছে। গবাদিপশু যদি ভারত থেকে না আসতে পারে তাহলে আমাদের কৃষকরা স্বাবলম্বী হবেন এবং আমরা নিজেদের দেখাশোনা করতে পারবো। চোরাচালান ঠেকানোর জন্য আমরা বিএসএফকে অনুরোধ জানিয়েছি। এর মাধ্যমে আরও অন্যান্য অনেক বিষয়ের সমাধান হতে পারে।’

শুধু গরুই নয়, কৃষি উপকরণ ও কৃষিবীজের একটি বড় অংশ চোরা পথে দুই দেশে লেনদেন হচ্ছে অবৈধ পথে। বিশ্লেষকরা বলছেন, পরীক্ষা নিরীক্ষা ছাড়া এসব বীজের অনুপ্রবেশ দীর্ঘমেয়াদে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি।

ভারতের পশ্চিমবঙ্গের মালদা ও কোচবিহার সীমান্ত দিয়ে কৃষি বীজ ও কৃষি উপকরণগুলো বাংলাদেশ থেকে কিনেন ভারতীয় চাষীরা। একই ভাবে বাংলাদেশের রাজশাহী ও রংপুর সীমান্ত দিয়ে টমেটো বীজ, গুটি স্বর্ণা, ট্রাকটর এর যন্ত্রাংশ ও সার কেনেন বাংলাদেশের কৃষকরা।

১৯/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি