বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » সার্কিট হাউজের আট মাসের ভাড়া দেননি বরিশাল মুখ্য মহানগর হাকিম!


সার্কিট হাউজের আট মাসের ভাড়া দেননি বরিশাল মুখ্য মহানগর হাকিম!


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৭

 

বাঁয়ে বকেয়া পরিশোধে তাগাদা দেওয়া চিঠি, ডানে বিচারক আলী হোসাইন

পূর্বাশা ডেস্ক:

আট মাস ধরে বরিশাল সার্কিট হাউজে থাকলেও মাত্র চারদিনের ভাড়া দিয়েছেন বরিশাল মুখ্য মহানগর হাকিম (সিএমএম) মোঃ আলী হোসাইন। বকেয়া ৯৩ হাজার টাকা পরিশোধে জেলা প্রশাসন চিঠি দিলেও তাতে সাড়া দেননি তিনি।

সম্প্রতি এই বিচারক বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমানের জামিন না মঞ্জুর করে আলোচনায় আসেন।

জানা যায়, গত বছরের ০৪ আগস্ট বরিশাল জেলা প্রশাসনের নেজারত শাখা থেকে মহানগর হাকিম আলী গোসাইনের কবেয়া পরিশোধের তাগাদা দিয়ে চিঠি পাঠানো হয়। তবে তাতে কোনো প্রকার সাড়া দেননি তিনি।

এদিকে বরিশালে কর্মরত বর্তমান জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, আলী হোসাইন জেলা সার্কিট হাউজের পুরাতন ভবনের ৭নং কক্ষটি ২০১৫ সালের ২৭ অক্টোবর থেকে ২০১৬ সালের ২৮ জুন পর্যন্ত ব্যবহার করেছেন। কিন্তু ২০১৫ সালের ২৭ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চার দিনের মোট ৩৯০ টাকা ভাড়া পরিশোধ করলেও বাকি দিনগুলোর জন্য তিনি কোনো ভাড়া দেননি।

জেলা প্রশাসনের দেওয়া সেই চিঠি।

সরকারি নীতিমালা অনুযায়ী, ওই কক্ষে এক থেকে তিন দিন পর্যন্ত প্রতিদিন ৯০ টাকা করে এবং চার থেকে সাত দিন পর্যন্ত ১২০ টাকা করে এবং সাত দিনের ঊর্ধ্বে প্রতিদিনের জন্য চারশ’ টাকা করে ভাড়া দিতে হবে। এ হিসাবে সিএমএম আলী হোসাইনের কাছে মোট পাওনা হয়েছে ৯৩ হাজার ৯৫০ টাকা। তিনি মাত্র চার দিনের ভাড়া বাবদ ৩৯০ টাকা পরিশোধ করেছেন।

এদিকে ভাড়া পরিশোধ না করার খবর প্রকাশ হয়ে পড়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা। অনেকেই অভিযোগ করেছেন জেলা প্রশাসনের প্রতি ক্ষোভ ঝাড়তেই বিচারক ইউএনওর বিরুদ্ধে মামলার আদেশ দিয়েছেন।

বিচারক মো. আলী হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এল.এল.বি. ও এল.এল.এম. পাশ করে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন। এর আগে তিনি অতিরিক্ত জেলা জজ হিসেবে ময়মনসিংহে কর্মরত ছিলেন। তার বাড়ি লক্ষীপুর জেলার রায়পুর উপজেলায়।

পূর্বাশানিউজ/২২ জুলাই ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি