শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


১০ দিনের বেশি যুদ্ধ করার সামর্থ্য নেই ভারতের


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী হওয়া সত্ত্বেও ভারতের অস্ত্রভান্ডারে মজুদ নেই প্রয়োজনীয় অস্ত্র ও গোলাবারুদ। তাই কোনও দেশের সঙ্গে ১০ দিনের বেশি যুদ্ধে টিকে থাকার সামর্থ নেই ভারতীয় সেনাবাহিনীর। এমনকী গত তিন বছরে এই পরিস্থিতির কোনও উন্নতি হয় নি। শুক্রবার ভারতের সংসদে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) এর প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়। খবর এনডিটিভির।

সিএজি’র প্রতিবেদনে বলা হয়, ২০০৯ সাল থেকে অস্ত্রশস্ত্র সংরক্ষণ করা বন্ধ রয়েছে। ২০১৩ সালে সতর্ক করে বলা হয়েছিল সেনাবাহিনীর গোলাবারুদ অনেক কমে গিয়েছে। তারপর ২০১৫ সালেও রিপোর্ট পেশ করে বলা হয় সেনাবাহিনীর কাছে যা অস্ত্রশস্ত্র, গোলাবারুদ আছে তাতে ২০ দিনের বেশি যুদ্ধ করা সম্ভব নয়। এমনকী যে সব অস্ত্রশস্ত্র আছে তার গুণগত মান নিয়েও প্রশ্ন রয়েছে।

এই প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০১৩ সালে প্রতিরক্ষা খাতে বরাদ্দ করা হয়েছিল ১৬ হাজার ৫০০ কোটি টাকা। অস্ত্রশস্ত্রের ঘাটতি মেটাতে এই বাজেট বরাদ্দ করা হয়েছিল। ২০১৯ সালের মধ্যে এই ঘাটতি পূরণ করার কথা বলা হয়েছিল বাজেটে। কিন্তু দেখা গিয়েছে এখনও পর্যন্ত তা করা হয়নি। সামরিক বাহিনী ১৫২টি ধরনের গোলাবারুদ ব্যবহার করে। সেখানে ৫৫ শতাংশ অস্ত্রশস্ত্র গুণগত মান ঠিক নেই। যে ৪০ শতাংশ গোলাবারুদ রয়েছে তা দিয়ে ১০ দিনের বেশি টিকে থাকা সম্ভব না। ট্যাঙ্ক ও আর্টিলারির সংখ্যাও কমে গিয়েছে। এছাড়া নৌ-বাহিনীর চারটির মধ্যে দু’টি যুদ্ধজাহাজে প্রয়োজনীয় অস্ত্র মজুদ নেই ।

এছাড়া ২০১৩-র মার্চ থেকে দেশটির অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডের দেয়া অস্ত্রশস্ত্র ও গোলাবারুদের মান নিয়ে প্রশ্ন উঠেছে। ওই বছরই ফ্যাক্টরি বোর্ডকে ২০১৯ পর্যন্ত রোডম্যাপের কথা জানানো হলেও কোনও ব্যবস্থা নেয়া হয় নি।

সিএজির এই প্রতিবেদনের পর ইন্ডিয়া টুডে, জি নিউজ, টাইমস অব ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও চীনের সঙ্গে এমন উত্তেজনাকর পরিস্থিতিতে এমন খবর প্রশাসন সহ ভারতের নাগরিকদের কাছে উদ্বেগজনক।

যদিও কিছুদিন আগে ভারত সরকার দেশটির সেনা বাহিনীর হাতে ৪৬ ধরনের অস্ত্র প্রদান করে। ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর উরি হামলার পর নরেন্দ্র মোদি সরকার ২০ হাজার কোটি টাকার অস্ত্রশস্ত্র কেনার কথা ঘোষণা করে।

২২/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি