বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা: রিজভী


স্বরাষ্ট্রমন্ত্রীর হুকুমেই শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা: রিজভী


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী বা সরকারের হুকুমেই শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলে দাবি করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার বিকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
রুহুল কবির রিজভী বলেন, এ কেমন ভয়াবহ দু:শাসনের মধ্যে আমরা বসবাস করছি। দেশটাকে বর্তমান সরকার কোথায় নিয়ে যাচ্ছে? সাধারণ শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে সামান্য বিক্ষোভ করতে গেলেও পুলিশ তাদের ওপর হামলা করলো, গুলি করলো, বুলেট নিক্ষেপ করলো, লাটিচার্জ করলো- রক্তাক্ত হলো শিক্ষার্থীরা! গণমাধ্যমে এসব ছবি প্রকাশিত হয়েছে। অথচ মামলা করল সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে। কিন্তু যারা আক্রান্ত হলো, রক্তাক্ত হলো এবং আটক হলো, পুলিশ তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা সরকারের হুকুম ছাড়া এ মামলা করেনি পুলিশ- বলেন তিনি।

অত্যন্ত ন্যায্য ও যুক্তিসংগত দাবিতে ছাত্ররা আন্দোলন করছে মন্তব্য করে তিনি বলেন, ৭টি কলেজকে ঢাবির অধীনে নেয়া হলেও বছর পেরোনোর পরও তাদের পরীক্ষার খবর নাই। অন্য শিক্ষা প্রতিষ্ঠানের তাদের সহপাঠীরা মাস্টার্স পাশ করে যাচ্ছে। অথচ তাদের জীবন ধ্বংসের মুখে। আসলে বর্তমান সরকার পরিকল্পিতভাবে গোটা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের খেলায় মেতে ওঠেছে- বলেন রিজভী। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠনের অস্ত্রবাজি ও দখলবাজিতে দেশের শিক্ষা ব্যবস্থা মূমুর্ষ হয়ে পড়েছে- বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপির পক্ষ থেকে সাধারণ শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়ে দলটির এই মুখপাত্র বলেন, অবিলম্বে সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে তাদের সকল ন্যায্য দাবি মেনে নিয়ে পরীক্ষা দেয়ার সুযোগ করে দিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি। আটককৃত শিক্ষার্থীদের মুক্তি দাবি করছি। আর সিদ্দিকুর রহমানসহ গুরুতর আহতদের সুচিকিৎসার ব্যবস্থা নেয়ার আহবান জানাচ্ছি।

সরকার দলীয় একজন এমপি ক্রসফায়রে মানুষ হত্যার ঘোষনা দিয়েছেন- গণমাধমে প্রকাশিত এ সংবাদ উল্লেখ করে তিনি বলেন, পাঁচজনকে ‘ক্রসফায়ারে’ দিয়ে হত্যা এবং আরও ১৪ জনের তালিকা করার যে ঘোষণা দিয়েছেন সাভারের সরকার দলীয় সংসদ সদস্য, তাতে বিরোধী রাজনীতিকেরা আতঙ্কে পড়েছেন। এখন সেই সংসদ সদস্য যতোই বক্তব্য প্রত্যাহার করুন না কেন, তিনি থলের বিড়াল বের করে দিয়েছেন।

সরকারদলীয় একজন এমপির ক্রসফায়ারের তালিকা তৈরির ঘোষণায় এটি প্রমাণিত হলো যে, এতোদিন ধরে বর্তমান সরকারের জীবনবিনাশী রক্ত আর লাশ ফেলার কর্মসূচির বিষয়ে বিরোধী দলের অভিযোগ যথার্থ- বলেন রিজভী।

২২/০৭/২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি