বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাজধানীতে ১২ লাখের বেশি মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত


রাজধানীতে ১২ লাখের বেশি মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৭.২০১৭

ডেস্ক রিপোর্ট :

রাজধানীর প্রায় ১২ লাখ মানুষ চিকুনগুনিয়া জ্বরে আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা ১৮ লাখে পৌঁছাতে পারে বলে আশংকা করা হচ্ছে। আক্রান্ত অনেকেই হারাচ্ছেন কর্মক্ষমতা। জ্বর সেরে গেলেও পলি আর্থ্রাইটিস বা হাড়ের জোড়ায় তীব্র ব্যাথায় দুর্বিষহ হয়ে উঠছে জীবন। চিকুনগুনিয়া মোকাবিলায় গবেষণাসহ চিকিৎসা পদ্ধতি আধুনিক করার উপর জোর দিলেন চিকিৎসকরা।

সাকিব, প্রায় দুমাস ধরে ভুগছেন চিকুনগুনিয়ায়। জ্বর সেরে গেলেও চিকুনগুনিয়ার রেখে যাওয়া পলি আর্থ্রাইটিসের ব্যথায় এখনো কুঁকড়ে যায় হাতের আঙুল।

সাকিবের মতো বনানীর গার্মেন্টস এক্সেসরিজের এ অফিসে চাকরি করেন ৩৫ জন। যাদের মধ্যে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন ৭ জন। ৩ জন কাজে যোগ দিতে পারলেও পারননি বাকিরা। নষ্ট হচ্ছে কর্মঘণ্টা।

শুধু এই অফিসেই নয়, চিকুনগুনিয়ার প্রাদুর্ভাবে অতিষ্ঠ রাজধানীর অনেক এলাকা। বিভিন্ন জরিপে দেখা গেছে, ঢাকার প্রায় ১২ লাখেরও বেশী মানুষ চিকুনগুনিয়ায় আক্রান্ত। এ সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। ইতোমধ্যে প্রাণহানিও হয়েছে বেশ কয়েকজনের। বিশেষ করে, শিশু এবং ৬৫ বছরের ঊর্ধ্বে আক্রান্ত মানুষ থাকেন বেশ ঝুঁকিতে।

এডিস মশার কামড়ে সংক্রমিত এ রোগের চিকিৎসা পদ্ধতি এখনও অজানা বলে জানান জনস্বাস্থ্য বিশেষজ্ঞ বে-নজির আহমেদ।

এক্ষেত্রে, চিকুনগুনিয়ার চিকিৎসা পদ্ধতি নির্ণয়ে অবিলম্বে গবেষণা শুরুর তাগিদ দেন বে-নজির আহমেদ।

মূলত, বর্ষার পর মশার উপদ্রব বাড়লে এ রোগ বিস্তার লাভ করে। তাই, সুস্থ থাকতে নষ্ট করতে হবে মশার আবাসস্থল ও এর আশেপাশের প্রজনন ক্ষেত্র।

পূর্বাশানিউজ/২৩ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি