রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


বর্ষায় ভয়ালরুপ ধারণ করেছে বেশ কয়েকটি নদ-নদী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৭.২০১৭

ডেস্ক রিপোর্ট :

বর্ষা এলেই ভয়ালরুপ ধারণ করেছে বেশ কয়েকটি নদ-নদী। যমুনা ছাড়াও গত কয়েকদিনে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, গাইবান্ধায় ব্রহ্মপুত্র আর মুন্সিগঞ্জে মেঘনা নদীর ভাঙন ভয়াবহ রুপ নিয়েছে।

এতে বসতবাড়ি আর ফসলি জমি হারিয়ে দিশেহারা নদী পাড়ের মানুষ। আতঙ্কে ঘরবাড়ি সরিয়ে নিয়েছেন শত শত পরিবার। এ ব্যাপারে দায় এড়াতে নানা অজুহাত পানি উন্নয়ন বোর্ড কর্তাদের। কিছুদিন আগেও চাঁপাইনবাবগঞ্জের রোডপাড়া গ্রামটি মুখর ছিলো মানুষের আনাগোনায়। কিন্তু গত এক সপ্তাহের ভাঙনে এখন খা খা করছে এলাকাটি। বিলীন হয়েছে শতাধিক ঘরবাড়ি, বসতভিটা, আমবাগান আর ফসলিজমি।

পদ্মার ডান তীরে ভারত আর বাম পাশে বাংলাদেশ। স্থানীয়রা বলছেন, ভাঙন রোধে ব্যবস্থা না নিলে চরবাগডাঙ্গা ইউনিয়নের পুরোটাই চলে যাবে ভারতের দখলে। বছর বছর বাঁধ নির্মাণের আশ্বাসেরও বাস্তবায়ন হয়না বলে অভিযোগ তাদের। বাঁধ নির্মাণের বিষয়ে স্থানীয় সংসদ সদস্য/জনপ্রতিনিধি দুষলেন আমলাতান্ত্রিক জটিলতাকে। আর পানি উন্নয়ন বোর্ড কর্তা দায় দিলেন ফারাক্কার।

বানের পানি নামার সাথে তীব্র হয়েছে ব্রহ্মপুত্র নদের ভাঙন। দিশেহারা গাইবান্ধার হলদিয়া গ্রামের হাজারো মানুষ। একদিনেই নদীগর্ভে বিলীন অর্ধশতাধিক ঘরবাড়ি, আবাদি জমি আর গাছপালা। হুমকিতে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনাও। মেঘনার অব্যাহত ভাঙনে হুমকিতে মুন্সীগঞ্জের ইসমানির চরের এক কিলোমিটার এলাকা। তাইতো কারও কারও আপ্রাণ চেষ্টা ভিটেটুকু আগলে রাখার। অনেকেই আবার মায়া ছেড়ে চলে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে।

পূর্বাশানিউজ/২৪ জুলাই ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি