শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘খারাপ লোকদের দলে নেয়া যাবে না’


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৭.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বরিশাল মহানগর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের প্রধান অতিথি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ‘খালেদা জিয়া চিকিৎসার নাম করে  লন্ডনে গিয়ে পাকিস্তানিদের নিয়ে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। স্বপ্ন দেখছেন কবে আবার হাওয়া ভবনে ফিরে এসে লুটপাটের রাজনীতি শুরু করবেন। কিন্তু ষড়যন্ত্র ও আন্দোলনের ভয় দেখিয়ে শেখ হাসিনার সরকারকে হটানো যাবে না। বিএনপির আন্দোলনে মানুষ আর সাড়া দেবে না। কারণ কান্নাকাটি আর নালিশ ছাড়া বিএনপির কোনো রাজনীতি নেই। আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি এখন নালিশ পার্টিতে পরিণত হয়েছে।’

বরিশাল মহানগর আওয়ামী লীগ আয়োজিত সদস্য সংগ্রহ অভিযানের সমাবেশকে বিশাল জনসভা উল্লেখ করে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘খারাপ লোকদের দলে ভেড়ানো যাবে না। যারা ইয়াবাসেবী, সন্ত্রাসী এবং সাম্প্রদায়িক তাদের জন্য আওয়ামী লীগে কোনো স্থান নেই। ভালো লোকদের দলে নিতে হবে।’

নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘ভালো আচরণ করে মানুষের মন জয় করতে হবে।’

সদস্য সংগ্রহ অভিযানে নতুন ও নারী ভোটারদের দলে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকলে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না।’

সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন উপলক্ষে  বৃহস্পতিবার বিকেল ৪টায় নগরের ফজলুল হক এভিনিউতে আয়োজন করা হয় সমাবেশের। কিন্তু দুপুরের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করলেও নগরের ৩০টি ওয়ার্ড থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বর্ণাঢ্য মিছিল নিয়ে বৃষ্টি উপেক্ষা করে সমবেত হতে থাকেন নগরের অন্যতম সড়ক ফজলুল হক এভিনিউতে। হাজার হাজার নেতাকর্মীর আগমনে অনুষ্ঠানটি জনসভায় পরিণত হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘কীর্তনখোলার যে ঢেউ আজ বরিশাল নগরে উপচে পড়েছে তা অবশ্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের মহাসড়কে উঠবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ এমপি, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ. রহমান এমপি, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য গোলাম রব্বানী চিনু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এমপি। নগর আওয়ামী লীগের সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন যুগ্ম সাধারণ সম্পাদক গাজী নঈমুল হোসেন লিটু। সমাবেশ পরিচালনা করেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি বলেছিল ঈদের পরে তারা কঠোর আন্দোলন করবে। কিন্তু দিন গেল মাস গেল আন্দোলন হলো না। আন্দোলন এখন খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে নির্বাসিত।’

মির্জা ফখরুলকে উদ্দেশ করে ওবায়দুল কাদের বলেন, ‘বড় বড় কথা বলেন, অথচ দলে নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেন না।’

সেতুমন্ত্রী বলেন, ‘আর রাজনীতি না করার মুচলেকা দিয়ে তারেক রহমান দেশ ছেড়ে পালিয়ে গেলেন। সাড়ে ৮ বছরেও দেশে ফেরার সাহস হলো না। যারা মামলা, জেল-জুলুমকে ভয় পায় তাদের দিয়ে আন্দোলন হয় না।’

ওবায়দুল কাদের বলেন, ‘আন্দোলনের নামে বিএনপি ১৬৫ জন মানুষ পুড়িয়ে মেরেছে। দেশের মানুষ আর ওই বিভীষিকাময় দিনে ফিরে যাবে না।’

সেতুমন্ত্রী শরীয়তপুর থেকে কুয়াকাটা পর্যন্ত সড়ক চার লেন করাসহ দক্ষিণাঞ্চলের জন্য সরকারের গৃহীত উন্নয়ন কর্মযজ্ঞের বর্ণনা দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘ঘরে ঘরে গিয়ে মানুষকে উন্নয়নের কথা বলতে হবে।’

সমাবেশে আবুল হাসানাত আবদুল্লাহ এমপি বলেন, ‘আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা উন্নয়ন দিয়ে জনগণের রায় পেতে চাই।’

আ. রহমান এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোলমডেল।’

বাহাউদ্দিন নাছিম এমপি বলেন, ‘শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু বিএনপি নামক অপশক্তির কাছে তা ভালো লাগে না।’

তালুকদার মো. ইউনুস এমপি বলেন, ‘জনগণের ওপর আস্থা নেই বলেই বিএনপি ক্ষমতায় যেতে ষড়যন্ত্র করছে।’

পূর্বাশানিউজ/২৮ জুলাই ২০১৭/রুমকী

 



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি