
পূর্বাশা ডেস্ক:
মেয়ের বিয়েতে বর ও বরযাত্রী না আসায় ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন কন্যাদায়গ্রস্ত ভ্যান চালক এক পিতা। মঙ্গলবার গভীর রাতে উপজেলার কামারহেলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত খাইরুল মোল্লা (৪০) মরদেহ উদ্ধার করে ২ আগস্ট বুধবার ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, খাইরুল ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। মঙ্গলবার তার বড় মেয়ের সঙ্গে পাশের জেলা মাগুরার মহম্মদপুর উপজেলার লাহুড়িয়া দিননাথপাড়ার এক যুবকের বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। মেয়ের বিয়েতে সাধ্যমতো কেনাকাটাও করেন খাইরুল।
বর ও বরপক্ষের আসতে দেরি হওয়ায় রাতে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেন তিনি। কিন্তু সেটি বন্ধ পাওয়া যায়। একপর্যায়ে স্বজন ও অতিথিরা খায়রুলের বাড়ি থেকে বিদায় নেন। পরে গভীর রাতে বাড়ির পাশের গাবগাছে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন খাইরুল।
ওসি আরও জানান, নির্ধারিত দিনে মেয়ের বিয়ে সম্পন্ন না হওয়ার অপমান ও লজ্জা সইতে না পেরে খাইরুল আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
২০১৭/রুমকী

















































