শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


এডিস মশার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০১৭

ডেস্ক রিপোর্ট :

এডিস মশা প্রাণী হিসেবে ছোট, তবে চিকুনগুনিয়া, ডেঙ্গু ও জিকার মতো রোগ ছড়িয়ে মানুষের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখন এই ছোট প্রাণীটির বিরুদ্ধে যুদ্ধে নেমেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তারা গত মাসে যুক্তরাষ্ট্রের ছয়টি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নিয়ে গঠিত একটি দলকে ১ কোটি ৪৯ লাখ মার্কিন ডলার দিয়েছে। গবেষক দলের কাজ হবে জিন সম্পাদনার মাধ্যমে এই প্রাণীকে নিয়ন্ত্রণের পথ বের করা।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের যে ছয়টি বিশ্ববিদ্যালয়ে এই গবেষণা হবে, তার একটি ইউসি সান্তা বারবারা। ওই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, বর্তমানে বিশ্বব্যাপী মানুষের স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকি মশা। শতকোটি মানুষ মশার মাধ্যমে সংক্রমণের ঝুঁকিতে আছে। গত বছর ৭০ কোটির বেশি মানুষ ম্যালেরিয়া ও ডেঙ্গুতে আক্রান্ত হয়, এর মধ্যে ৪ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু হয়। বর্তমানে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা) এডিস মশা নিয়ে গবেষণার জন্য ছয়টি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তি করেছে। ডারপাসহ পররাষ্ট্র দপ্তরের বিভিন্ন এজেন্সিকে জীবাণু বিষয়ে গবেষণা সহায়তা দেয় আমেরিকান সোসাইটি ফর মাইক্রোবায়োলজি। প্রতিষ্ঠানটি বলছে, ডারপা সংক্রামক ব্যাধির বিরুদ্ধে সর্বসাম্প্রতিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেয়। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এরা নানা ধরনের গবেষণা করে।

এই গবেষণা দলে আছেন সান্তা বারবারা বিশ্ববিদ্যালয়ের মলিকুলার, সেলুলার অ্যান্ড ডেভেলপমেন্ট বায়োলজি বিভাগের অধ্যাপক ক্রেইগ মন্টেল। তাঁর পরীক্ষাগারে এডিস মশা নিয়ে গবেষণা হয়। তাঁকে উদ্ধৃত করে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণকে এসব রোগ থেকে রক্ষা করা কঠিন। এসব রোগের টিকা নেই অথবা থাকলেও তা কার্যকর নয়। বর্তমান মশা নিয়ন্ত্রণ কর্মসূচিও অপর্যাপ্ত। তাই প্রজাতিকেন্দ্রিক নিরাপদ ও কার্যকর একটি মশা নিয়ন্ত্রণ পদ্ধতি জরুরি হয়ে পড়েছে।

গবেষকেরা সমস্যার সমাধানে জিন সম্পাদনা প্রযুক্তি ব্যবহার করবেন। তাঁদের লক্ষ্য, জিনে
পরিবর্তন এনে রূপান্তরিত মশা উদ্ভাবন করা। এই রূপান্তরিত মশার স্বভাব হবে আগ্রাসী। এদের প্রাকৃতিক মশার মধ্যে ছেড়ে দেওয়া হবে। গবেষণাগারে তৈরি রূপান্তরিত মশা মানুষের জন্য ক্ষতিকর মশা দমন করবে, এটাই মোদ্দা কথা।

জিন সম্পাদনা নিয়ে কয়েক দশক ধরে আলোচনা ও বিতর্ক হচ্ছে। নৈতিকতা ও নিরাপত্তার বিষয়গুলো সামনে চলে এসেছে। অনেকে ‘ক্রিসপার/কেজ৯’ কৌশলকে জিন সম্পাদনার নির্ভরযোগ্য পদ্ধতি হিসেবে বেছে নিয়েছেন। এই পদ্ধতিতে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য জিন সম্পাদনা করা হয়।

চার বছরের এই প্রকল্পে প্রত্যাহারমূলকব্যবস্থা রাখা হয়েছে। রূপান্তরিত মশা নিজেরাই শেষ হয়ে যাবে—এই নিশ্চয়তা থাকছে। ক্রেইগ মন্টেল বলেছেন, ‘আমাদের লক্ষ্য এডিস মশাকে দমন করা। এই চুক্তি অনুযায়ী আমরা রূপান্তরিত প্রাণীগুলো অবমুক্ত করব না। আমাদের গবেষণার নকশা এমনভাবে করা হয়েছে যে এসব প্রাণী পরিবেশে টিকে থাকতে সমর্থ হবে না, এই নিশ্চয়তা আছে।’

এই গবেষণায় প্রতিবেশগত উপাত্ত একীভূত করার জন্য ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলের মশার নমুনা নেওয়া হবে। রূপান্তরিত মশা ধাবিত করার নকশা তৈরি এবং প্রাকৃতিক পরিবেশে তারা কী আচরণ করে, তা জানতে এই উপাত্ত কাজে লাগবে।

পূর্বাশানিউজ/0৭ আগষ্ট ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি