মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘কিডনি লাগলে কিডনি নাও, বরিশালে টিম ফিরিয়ে দাও’


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের  (বিপিএল) পঞ্চম আসর থেকে বাদ দেওয়া হয়েছে বরিশাল বুলস ফ্র্যাঞ্চাইজিকে। বিপিএলে অংশগ্রহনের জন্য যে আর্থিক নিরাপত্তা দেওয়ার কথা ছিল তা দিতে পারেনি বরিশাল, তাই বিপিএল গভর্নিং কাউন্সিল এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি কিছুতেই মানতে পারছেন না বরিশালের সমর্থকরা। প্রতিবাদও জানিয়েছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি সভা ও মানববন্ধন করেও প্রতিবাদ জানাচ্ছেন বরিশালের সমর্থকরা। তারই ধারাবাহিকতায় রোববার (১৩ আগস্ট) বরিশালের বাবুগঞ্জের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে। তাদের হাতে ছিলো প্রতিবাদি ব্যানার। এমনই এক ব্যানারে লেখা ছিলো ‘কিডনি লাগলে কিডনি নাও, বরিশালকে টিম ফিরিয়ে দাও’।

বরিশালের ক্রিকেটপ্রেমীরা জানায়, তাদের দলকে ফিরিয়ে আনতে প্রয়োজনে কিডনি বিক্রি করবে। তারপরও বরিশাল বুলস যেন বিপিএলে ফিরে আসে। বরিশালের মত একটি বিভাগীয় জেলার বিপিএল এর টিম অর্থনৈতিক কারনে বাদ পরবে, এটা কিছুতেই মেনে নিতে পারছেন না তারা। প্রতিবাদের এই  সংবাদ ও কিছু ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

বিপিএলের প্রথম আসর (২০১২) থেকেই খেলে আসছে বরিশাল। প্রথম আসরে তাদের নাম ছিলো বরিশাল বার্নার্স। ওই আসরের সেমিফাইনালিস্ট ছিলো তারা। ২০১৫ সালে বরিশাল বুলস নামে অংশ নেয় দলটি। এই আসরে মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে ফাইনালে ওঠে বরিশাল। কিন্তু সর্বশেষ আসরে মুশকিফুর রহিমের অধীনে সুবিধা করতে পারেনি তারা।

পূর্বাশানিউজ/১৪ আগষ্ট ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি