
পূর্বাশা ডেস্ক:
বঙ্গবন্ধু সেতু রক্ষা গাইড বাঁধের পূর্ব পাড়ে গড়িলা বাড়ি অংশে প্রায় ১ কিলোমিটার ধসে গিয়ে, গভীর হয়ে নদী গর্ভে চলে গেছে। বিষয়টি সেতুর জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এছাড়া ভাঙ্গন এখনো অব্যাহত রয়েছে।
মঙ্গলবার বিকাল হতে রাত নয়টা পর্যন্ত সেতু রক্ষা বাঁধের পূর্ব পাড়ে গড়িলা বাড়ি অংশে এঘটনা ঘটে। এদিকে গত শনিবার থেকে অব্যাহতভাবে সেতুর বাঁধে ধস ও ভাঙনরোধে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বিবিএ কর্তৃপক্ষ। সেতুটির সাইট অফিসের প্রকৌশলীরা উর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন বলে জানিয়েছেন।
বঙ্গবন্ধু সেতুর দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. শাহীন হোসেন জানান, ধসের ঘটনা সেতুর দু’ পাশের ৬ কিলোমিটারের মধ্যে হওয়ায় আমরা এটিকে হুমকি বলে মনে করছি। এটি যেভাবে ভাঙছে তাতে বঙ্গবন্ধু সেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
স্থানীয়রা জানান, একটি অসাধু মহল বাঁধের কোল ঘেষে বালু উত্তোলনের ফলে নীচের অংশের মাটি সরে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। সেতু কর্তৃপক্ষের লোকজন সার্ভে করে গেলেও, বাধঁটি রক্ষার জন্য এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোন কার্যক্রম শুরুই করেননি তারা। সেতু কর্তৃপক্ষের সঠিক তদারকি ও গাফলতির কারণে বর্তমানে বাঁধের এই অবস্থা হয়েছে।
জানা গেছে, ২০০৪ সালে বঙ্গবন্ধু সেতুপূর্ব কালিহাতী উপজেলার গরিলাবাড়ি এলাকায় সেতুর দক্ষিণের গাইড বাঁধে কয়েকটি গ্রাম রক্ষার্থে যমুনা নদীতে সিসি ব্লক ও কার্পেটিং করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। বাঁধ তৈরির ১৪ বছর পর বিবিএ কর্তৃপক্ষের গাফিলতির কারণে সেতুর গাইড বাঁধ অংশ ভেঙে যাচ্ছে।
বাঁধটি ভেঙে গেলে বঙ্গবন্ধু সেতু চরম হুমকিতে পড়বে এবং ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। এছাড়াও বাধেঁর পাশের সাতটি গ্রাম গড়িলা বাড়ি, বেলটিয়া, আলীপুর, বুরুপ বাড়ি, পৌলির চর, দৌগাতি এবং বেঁড়িপটল নদীগর্ভে বিলীন হয়ে যাবে।
উল্লেখ্য, দেশের উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য প্রায় ৪ হাজার ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত বঙ্গবন্ধু সেতু উদ্বোধন হয় ১৯৯৮ সালে। গত ১৮ বছরে নদীভাঙন রোধ ও সেতু রক্ষায় সব মিলিয়ে প্রায় ১৫ হাজার কোটি টাকা খরচ হয়ে গেছে।
২০১৭/মাহি






















































