শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দুই বছরে ১১ পুরুষকে বিয়ে, টাকা নিয়ে চম্পট তরুণী!


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৯.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিভিন্ন পুরুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক ব্যবহার করে। আস্তে আস্তে সম্পর্ক আরও গভীরতার দিকে নিয়ে যান। একপর্যায়ে তাদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে বিয়ে করেন। তারপর তাদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে যান এক তরুণী। খবর ওয়াশিংটন পোস্ট, এনডিটিভি’র

ওই তরুণী এভাবে গত দুই বছরে বিয়ে করেছেন ১১ জনকে। এর মধ্যে এক মাসেই চারজনকে বিয়ে করেন তিনি। কিন্তু কারও সঙ্গেই ঘর-সংসার করেননি, করতেও চাননি। কেননা, তিনি বিয়ে করেন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য। আর সেটি পূরণ হলেই তিনি লাপাত্তা হয়ে যান।

‘পলায়নপর কনে’ হিসেবে পরিচিতি পাওয়া থাইল্যান্ডের ৩২ বছর বয়সী এই তরুণীর নাম জারিয়াপর্ন নাম্মন বুয়াআই।

পুলিশের বরাত দিয়ে থাইল্যান্ডের স্থানীয় কিছু গণমাধ্যম জানিয়েছে, বিয়ের পর পালানোর আগে ওই নারী তার প্রত্যেক স্বামীর কাছ থেকে থাই রীতি অনুযায়ী যৌতুক হিসেবে ছয় হাজার থেকে ৩০ হাজার ডলারের মতো অর্থ নিয়েছেন। প্রতিবারই তিনি কিছু তুচ্ছ অজুহাত দেখিয়েছেন। এর মধ্যে ছিল, তাকে নিজ বাড়িতে ফলের ব্যবসার দেখভাল করতে হবে কিংবা তার রাশিফল বলছে, এই অসময়ে বিয়ে করা উচিত হয়নি।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো আরও জানায়, এই কাজে জারিয়াপর্ন এতটাই পটু ছিলেন যে, তিনি আগস্ট মাসেই চারবার বিয়ে করেন। শুরুতে পুলিশ জানিয়েছিল, জারিয়াপর্নকে বিয়ের দাবি করেন ১২ পুরুষ। পরে সেই সংখ্যা ১১তে নেমে আসে।

থাই গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, সম্প্রতি প্রতারিত ১১ জনের একজন পুলিশের কাছে অভিযোগ করলে ঘটনাটি স্থানীয় গণমাধ্যমে প্রকাশ পায়। তখন অন্য প্রতারিত ব্যক্তিরা এসেও একই অভিযোগ করেন। পুলিশ জানায়, প্রাথমিকভাবে ১২ জন অভিযোগকারী ওই নারীর স্বামী বলে দাবি করেন। কিন্তু পরে ১১ জনের সঙ্গে তাঁর বিয়ের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

থাইল্যান্ডের ইংরেজি ভাষার পত্রিকা ‘দ্য নেশন’ প্রতারিত ওই পুরুষদের আইনজীবীর বরাত দিয়ে জানিয়েছে, সবার সঙ্গে প্রতারণার মাধ্যমে বিয়ে করা ও অর্থ হাতিয়ে নেওয়ার পদ্ধতি একই রকম ছিল।

সেপ্টেম্বর ৯, ২০১৭/ Choity.



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি