
পূর্বাশা ডেস্ক:
চলতি মৌসুমে কি তাহলে গোলের সব রেকর্ড ভেঙে দেবেন লিওনেল মেসি! লা লিগায় হয়েছে মাত্র পাঁচ রাউন্ড এর মধ্যেই মেসির যা রূপ তাতে এমন কিছুর আভাস-ই মিলছে। পাঁচ ম্যাচের মধ্যে মাত্র তিন ম্যাচে গোল পেয়েছেন মেসি। এ তিন ম্যাচে পাঁচবারের বর্ষসেরা তারকার গোল সংখ্যা ৯টি। আর সব টুর্নামেন্ট মিলিয়ে ১১টি। মৌসুম শুরুর আগে স্প্যানিশ সুপার কাপের দুই ম্যাচে ১ গোল করেছিলেন মেসি। লিগে আলাভেসের বিপক্ষে জোড়া গোল দিয়ে শুরু। এস্পানিওলের বিপক্ষে ৩টি এবং মঙ্গলবার অ্যাইবারের বিপক্ষে ৬-১ গোলের বিশাল জয়ে মেসির গোল ৪টি। এ ৪ গোলে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে মোট ৩০০ গোলের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন তারকা। এরই মধ্যে দুইটি হ্যাটট্রিক করে ফেলেছেন মেসি। আর চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে ২টি গোলও আছে তার নামে। মেসির চার গোলে এইবারকে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ৬-১ গোলে উড়িয়ে দিয়ে লা লিগায় জয়ের ধারা ধরে রেখেছে বার্সেলোনা। ক্যারিয়ারে আর্জেন্টাইন তারকার এটা ৪৩তম হ্যাটট্রিক।
মেসি ছাড়াও টানা দ্বিতীয় ম্যাচে গোল পেয়েছেন পওলিনহো ও ডেনিস সুয়ারেজ। এ জয়ে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান ধরে রাখলেন কাতালান জায়ান্টরা। ম্যাচ শেষে বার্সা বস আর্নেস্তো ভালভার্দে দলের সেরা পারফরমারে অভিভ‚ত হয়ে জানান, ‘মেসির ৪ গোল বা সে গোল করেছে এটা এখন আর নতুন কোনো খবর নয়। এটা মেসি সবসময়ই করে থাকেন। তবে বারবার এটা করে দেখানোটাই গুরুত্বপূর্ণ। সে একজন অতি অসাধারণ খেলোয়াড়, তাকে নিয়ে কিছু বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই।’
বার্সেলোনার দায়িত্ব নেয়ার পর এ প্রথম ভালভার্দে পুরো দলকে ঢেলে সাজিয়ে মূল একাদশ মনোনীত করেছিলেন। দলের মূল দায়িত্বে ছিলেন অবশ্যই মেসি। তবে শনিবার গেতাফের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ের ম্যাচটি থেকে ছয়জনকে পরিবর্তন করে কাল মাঠে নেমেছিল বার্সা। এর মধ্যে দলের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ ছিলেন বদলি বেঞ্চে। প্রথমবারের মতো মূল একাদশে খেলতে নামা ব্রাজিলিয়ান মিডফিল্ডার পওলিনহো। ৪০ মিলিয়ন ইউরোতে চাইনিজ দল গুয়াংজু এভারগ্রেনেডে থেকে পওলিনহোকে দলে নিতে বেশ কাঠখড় পোড়াতে হয়েছিল কোচ ভালভার্দেকে। কিন্তু গেতাফের বিপক্ষে জয়সূচক গোল করার পর মঙ্গলবার বিরতির ৭ মিনিট আগে বার্সার ব্যবধান দ্বিগুণ করে পলিনহো এটাই প্রমাণ করেছেন, কাতালানরা তাকে দলে নিয়ে মোটেই ভুল করেননি। এর আগে ২১ মিনিটে স্পট কিক থেকে মেসি দলকে এগিয়ে দেন।
নিজে গোল করার পাশাপাশি বার্সেলোনার পরপর দুই গোলে সহযোগিতাও করেছেন ব্রাজিলিয়ান পওলিনহো। ৫৩ মিনিটে তার পাস থেকেই মেসি পোস্টে শট নিলে অ্যাইবার গোলরক্ষক মার্কো দিমিত্রোভিচ তা আটকে দেন। কিন্তু ফিরতি বলে ডেনিস সুয়ারেজ ভুল করেননি। ৪ মিনিট পর অবশ্য বার্সেলোনার রক্ষণভাগের দুর্বলতার সুযোগে ডেভিড জুনকার ক্রস থেকে সার্জি এনরিক সফরকারীদের পক্ষে ১ গোল শোধ করেন। ২ মিনিট পরে মেসি দ্রæত আরেক গোল করলে বার্সেলোনা ৩-১ গোলের লিড পায়। ৬২ মিনিটে পলিনহোর পাস থেকে পাঁচবারের বিশ্বসেরা মেসি হ্যাটট্রিক পূরণ করেন। ৮৭ মিনিটে অ্যালেক্স ভিদালের সঙ্গে বল আদান-প্রদান করে চলতি মৌসুমে মোট আট ম্যাচে ১২তম গোল করার কৃতিত্ব দেখান আর্জেন্টাইন গোল মেশিন।
দিনের অপর ম্যাচে সিমোনে জাজার ৭ মিনিটের হ্যাটট্রিকে ভ্যালেন্সিয়া ৫-০ গোলে মালাগাকে হারিয়েছে। এর ফলে পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ভ্যালেন্সিয়া। অন্যদিকে পাঁচ ম্যাচে সবকটিতেই পরাজিত হয়ে টেবিলের তলানিতে নেমে গেছে মালাগা।
২০১৭/রুমকী
























































