
পূর্বাশা ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত ৩১ জন মারা গেছেন। রাজ্যে দাবানলে এর আগে এত বেশি মানুষ আর মারা যায়নি। স্থানীয় বাসিন্দারা রেকর্ডসংখ্যক এ মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন। ক্যালিফোর্নিয়ার ওয়াইন কাউন্টি থেকে দাবানলের সূত্রপাত এবং সেখান থেকে বিভিন্ন কাউন্টিতে ছড়িয়ে পড়ে। এ পর্যন্ত হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারা হয়েছেন এবং ১ লাখ ৯০ হাজার একর জমি পুড়ে গেছে।
রাজ্যের ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বৃহস্পতিবার বলেন, আটটি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এর মধ্যে সোনোমা কাউন্টি প্রায় পুরোটা আগুনে ধ্বংস হয়ে গেছে এবং সেখানে কয়েকশ’ মানুষ এখনও নিখোঁজ। গেল রোববার থেকে দাবানল শুরু হয় এবং প্রবল বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভানোর প্রচেষ্টা ব্যাহত হচ্ছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মীরা। আগুন নেভানোর জন্য বৃহস্পতিবার পর্যন্ত ২০টি স্থানে ৮ হাজার কর্মী মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত যে পরিস্থিতি বিরাজ করছে, তাতে দাবানলে ক্ষয়ক্ষতির মাত্রা অনেক বাড়বে। মঙ্গলবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যালিফোর্নিয়ার দাবানলকে বড় ধরনের দুর্যোগ বলে ঘোষণা করেন।
২০১৭/মাহি
























































