মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জাতীয় দল আগে : তামিম


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০১৭

পূর্বাশা ডেস্ক:

হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ হওয়ার আগেই দেশে ফিরে এসেছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। সোমবার (২৩ অক্টোবর) ফেরার পর মঙ্গলবার (২৪ অক্টোবর) তিনি দেখা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীর সঙ্গে।

আগামী ৪ নভেম্বর শুরু হতে যাওয়া বিপিএলের কয়েকটি ম্যাচ যে তিনি খেলতে পারবেন না, সেটি নিশ্চিত। তবে তামিমের কাছে অবশ্য সবার আগে জাতীয় দলের দায়িত্ব। সম্পূর্ণ সুস্থ হয়েই বিপিএলে খেলার ইচ্ছা বাঁহাতি এ ব্যাটসম্যানের।

টেস্ট-ওয়ানডে দুইটিতেই বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি রানের মালিক তামিম মঙ্গলবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ মাধ্যমকে বলেন, ‘আগামী দুই সপ্তাহ রিহ্যাবে থাকতে হবে। এরপর আমার ইনজুরির অবস্থা দেখবেন চিকিৎসকরা।’ মাঠে ফিরতে কোনো রকম ঝুঁকি নিতে রাজি নন ২৮ বয়সী এ ক্রিকেটার, ‘আমার মেসেজটা পরিষ্কার, আমার কাছে সবার আগে জাতীয় দল। পুরোপুরি সুস্থ না হলে মনে হয় না বিপিএলে খেলা উচিত। আমি তা করবও না। বিপিএল গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, কিন্তু জাতীয় দলেরও খেলা আছে। জাতীয় দল আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সামনে শ্রীলঙ্কার সঙ্গে গুরুত্বপূর্ণ সিরিজ। যত ম্যাচই মিস হোক, পুরোপুরি সেরে না উঠলে বিপিএলে খেলতে নামব না। কয়টা ম্যাচ মিস হবে, বলতে পারছি না। তবে এটা নিশ্চিত, প্রথম দুটি ম্যাচ মিস হবেই।’

দক্ষিণ আফ্রিকায় টেস্টের পর ওয়ানডে সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। দুঃসহ সফর নিয়ে তামিমের বিশ্লেষণ, ‘আমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। সফরটা ছিল ভীষণ কঠিন। তবে ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আমাদের জন্য এটা শিক্ষণীয় সফর। আমি নিশ্চিত, আমাদের দলের ব্যাটসম্যান-বোলাররা এটা বুঝতে পেরেছে। এখনও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ বাকি। আশা করি, বাকি দুই ম্যাচে ভালো করবে বাংলাদেশ।’

তামিম যোগ করেন, ‘একটা খারাপ সফর শেষে সব কিছু ভুলে গেলে উন্নতি হবে না। সফরে কী কী ভুল ছিল, তা খুঁজে বের করে কাজ করতে হবে। ২০১৯ বিশ্বকাপ ইংল্যান্ডের মাটিতে খেলতে হবে। ইংল্যান্ডের কন্ডিশনও কঠিন হবে আমাদের জন্য। তাই সব কিছু মাথায় রেখেই এগোতে হবে।’

কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে তামিম প্রথম ওয়ানডে খেলেননি দেশের দুইটি টেলিভিশন চ্যানেল এমন রিপোর্ট করেছিল। এ নিয়ে ক্রিকেটাঙ্গনে কিছুটা গুঞ্জনও ছিল। তামিম অবশ্য এটাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিলেন, ‘আমার জন্য জিনিসটা খুবই হাস্যকর। একটা জিনিস ঘটছে, ৫ শতাংশ হলে ওটাকে মানুষ ২৫ থেকে ৩০ শতাংশ বানিয়ে দেয় সেটাও মেনে নিতাম। জিনিসটা ঘটছে শূন্য শতাংশ। কোচের সঙ্গে আমার কোনো সমস্যা নেই।’

অক্টোবর ২৫, ২০১৭/ রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি