বৃহস্পতিবার,৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » শুরুতে আশা জাগিয়েও মিডল অর্ডারের ব্যর্থতায় হেরে গেল বাংলাদেশ


শুরুতে আশা জাগিয়েও মিডল অর্ডারের ব্যর্থতায় হেরে গেল বাংলাদেশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.১০.২০১৭

ডেস্ক রিপোর্ট :

দক্ষিণ আফ্রিকার সাথে প্রথম টি’টোয়েন্টিতে শেষ পর্যন্ত ২০ রানে হেরে গেল বাংলাদেশ। ১৯৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালই করেছিল বাংলাদেশ। ৩.৫ ওভারেই ৪৩ রান তুলে নিয়েছিল ওপেনিং জুটি। এরপর ইমরুল কায়েস ১০ রানে প্যাভেলিয়নে ফিরে গেলেও দীর্ঘ দিন পর এই ম্যাচে ব্যাটিংয়ে ছন্দ ফিরে পান সৌম্য সরকার। প্যাভিলিয়নে ফেরত যাওয়ার আগে এই মারমুখি ব্যাটসম্যান ৩১ বলে ৫টি চার ও ২টি ছক্কায় ৪৭ রান করেন। শেষপর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৫ রান তোলে বাংলাদেশ। শেষের দিকে অলরাউন্ডার সাইফুদ্দিন ২৭ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন।

এর আগে টসে হেরে চার পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজায় টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। স্পিন দিয়ে বোলিং শুরু করে বাংলাদেশ। তাও টানা দুই ওভার। এমন আগ্রাসী ফর্মুলায় অধিনায়ক সাকিব সাউথ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে আমন্ত্রণ জানান। দ্বিতীয় ওভারে সাফল্য আসলেও ভিলিয়ার্স-ডি কক ঝড়ে ১৯৫ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

নিজে প্রথম ওভার করার পর দ্বিতীয় ওভারে মিরাজকে আনেন সাকিব। শেষ বলটি অফস্টাম্পের উপর গুড লেন্থের ছিল। বেশ খানিকটা রুম করে খেলতে যান আমলা। বল টার্ন না করে সোজা যায়। যাওয়ার সময় অফস্টাম্পও নিয়ে যায়!

আমলা ফিরে গেলে ভিলিয়ার্স-ডি কক চালিয়ে খেলতে থাকেন। ৪৮ বলের জুটিতে দুজনে ৭৯ রান যোগ করেন। ভিলিয়ার্স ফেরেন ওই মিরাজকে বড় শট খেলতে যেয়ে। রিয়াদের হাতে ক্যাচ দিয়ে। তার আগে ২৭ বলে ৪৯ করে যান। চার পেসার খেলানোর দিনে পরের উইকেটটিও স্পিনার সাকিব নেন। ১০ বলে ১৩ রান করা অধিনায়ক ডুমিনিকে ফেরান তিনি।

দুই ওভার বাদে ফেরেন কুইন্টন ডি কক। এই সফরে বাংলাদেশের পেসাররা শুরুর চেয়ে ডেথ-ওভারে তুলনামূলক একটু ভালো করছেন। এদিনও সেই চিত্র দেখা গেছে। ১৫তম ওভারে ডি কককে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রুবেল হোসেন। তার আগে ৪৪ বলে ৫৯ করেন তিনি। অবাক করার বিষয় হলো বাংলাদেশ পেসারদের উপর ভরসা করে দল সাজালেও এক মাত্র রুবেলকে দিয়ে চার ওভারের কোটা শেষ করেন সাকিব। শফিউল, তাসকিন, সাউফউদ্দিন দুই ওভার করে করে বোলিং করেন।

জাতীয় দলে নতুন হলেও সাইফুদ্দিন বাংলাদেশ মিডল অর্ডার ব্যাটসম্যানদের শিখিয়ে যান টি-টোয়েন্টি শুধুই চার ছয়ের খেলা নয়।এক রান দুই রান করে নিয়ে অপ বলে বাউন্ডারি মেরে বড় রান তারা করা সম্ভব। দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে কি বাংলাদেশ এই ম্যাচ থেকে এই শিক্ষাটুকু নিতে পারবে নাকি সেদিন অন্য কোন নতুন ভুলর আবির্ভাব হবে তা জানা যাবে আগামী রবিবার সেনওয়েস পার্ক পচফেসটুমে।

পূর্বাশানিউজ/২৭অক্টোবর ২০১৭/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি