
পূর্বাশা ডেস্ক:
জাতীয় পার্টি ও পাঁচ শীর্ষ বাম দলের নেতারা বলেছেন, আমাদের দেশে বর্তমানে রাজনীতিতে অসহনশীলতার সংস্কৃতি গড়ে উঠেছে। বিরোধীদলকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনেও অধিকার দিতে চায় না। ক্ষমতায় থাকলে বিরোধীদলের উপর দমনপীড়ন- অসুস্থ রাজনৈতিক মানসিকতার প্রতিফলন। রোববার জাপা ও বাম দলের নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তারা এ প্রতিবেদককে এসব কথা বলেন।
জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের বলেন, আমাদের দেশে বর্তমানে রাজনীতিতে অসহশীলতার সংস্কৃতি গড়ে উঠেছে, এটা কারো জন্য মঙ্গলজনক নয়। এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশে সহনশীলতার রাজনীতির চর্চা কখনো বিকশিত হবে না।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, বেগম খালেদা জিয়া মিয়ানমার থেকে আগত রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের উদ্দেশ্যে যাওয়ার পথে তার গাড়িবহর ও সাংবাদিকদের উপর হামলার ঘটনা চরম নিন্দনীয় একটা কাজ। এই হামলার মধ্যদিয়ে সরকার প্রমাণ করেছে, তারা বিরোধীদলকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনেও অধিকার দিতে চায় না। এর মধ্যদিয়ে আগামী নির্বাচনও যে, তারা দলীয় কর্তৃতের¡ অপচেষ্টা চালাবে, এটা অত্যন্ত পরিস্কার। তাদের এ হীনমন্যতা ও স্বৈরাচারী মনোভাব জনগণ একদিন প্রতিহত করবেই।
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমি বেগম খালেদা জিয়া ও সাংবাদিকদের উপর হামলার তীব্র প্রতিক্রিয়া জানাই। এটা পরিকল্পিত হামলা , এতে কোনো সন্দেহ নেই। পথে পথে গাড়ি ভাঙচুর করা হয়েছে। এটা খারাপ নজীর হিসেবে ধারণা করা হয়েছে। আজ কাল গণমাধ্যমও নিরাপদ নয়। সাধারণ তথ্য প্রকাশ করবে-শাসকদল তা মেনে নিচ্ছে না। শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা-বাংলাদেশের রাজনীতির বিদ্ধমান সংকটকে আরো গভীর গাদে নিয়ে যাবে। বিরোধীদলকে আস্থায় নেওয়া উচিত। তিনি বলেন, ভবিষ্যত রাজনীতি, সংঘাত ও সহিংসতার আভাস দিচ্ছে। এটা ভবিষ্যতে বিপদজনক হয়ে দেখা দেবে। সরকারি দল যে, গণতান্ত্রিক চর্চা করে বিরোধীদলগুলোকে সেটার সুযোগ করে দেওয়া উচিত।
বাংলাদেশের গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, আমি মনে করি সবদলের গণতান্ত্রিক অধিকার রয়েছে। বেগম খালেদা জিয়ার গাড়িতে হামলা নিন্দনীয়। এটা কোনো গণতান্ত্রিক আচরণ নয়। নির্বচনের ঘোষণা দিয়ে এ ধরণের আচরণে গণতান্ত্রিক পরিবেশকে ক্ষুণœ করবে। যারা এ ধরণের ন্যাক্কারজনক হামলার সঙ্গে জড়িত আমি তাদের বিচার দাবি করি।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ’র) কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন বলেন, বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা অত্যন্ত নিন্দনীয়। পরমতের সহিষ্ণুতা ছাড়া গণতান্ত্রিক চর্চা হয় না। এর আগেও ক্ষমতাসীন দলসমূহ বিরোধীদলের উপর হামলা ও হয়রানীর যে দৃষ্টান্ত স্থাপন করেছিল, তা দেশের গণতান্ত্রিক পরিবেশকে কলুষিত করেছিল। এবারও বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা তা-ই একটা নতুন সংযোজন মাত্র। ক্ষমতায় থাকলে বিরোধীদলের উপর দমন-পীড়ন, এটা অসুস্থ রাজনৈতিক মানসিকতার প্রতিফলন মাত্র।
29/10/ 2017/ Choity.

























































