
পূর্বাশা ডেস্ক:
দেশে নুন্যতম গণতন্ত্রের ধারা ও ভদ্র রাজনীতি থাকলে ওবায়দুল কাদের পদত্যাগ করতেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। আয়োজক সংগঠনের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ীবহরে হামলা এবং গণমাধ্যমের কর্মীদের ওপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি’ উপলক্ষে এ কর্মসূচিতে তিনি বলেন, দেশে যদি নুন্যতম গণতন্ত্রের ধারা ও ভদ্র রাজনীতি থাকতো তাহলে আপনি (আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের) পদত্যাগ করতেন। কিন্তু আপনি (ওবায়দুল কাদের) তো পদত্যাগ করবেন না। কারণ মন্ত্রী ও ক্ষমতায় মায়া হরণী ছেড়ে আপনি যেতে চাইবেন না। তাই প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য দিনে- দুপুরের সত্য ঘটনাকে মিথ্যা বলার চেষ্টা করছেন।
খালেদা জিয়া নাটক করছেন- আওয়ামী লীগের নেতাদের এ বক্তব্যে কঠোর সমালোচনা করে তিনি বলেন, নাটক করতে তো মঞ্চ লাগে। কিন্তু আমরা নাটক দেখেছি বর্তমান প্রধানমন্ত্রীর, তাকে ক্রিকেটারদের সাথে মঞ্চে নাচতে দেখেছি। আর বেগম জিয়া তো কোন মঞ্চের ওপর দাঁড়িয়ে অভিনয় করেন নাই।
খালেদা জিয়ার গাড়ীবহরে হামলা গণমাধ্যমের কর্মীদের আহত হওয়ার কথা উল্লেখ করে রিজভী বলেন, ওবায়দুল কাদেরকে বলতে চাই, গণমাধ্যমের কর্মীরা কি মিথ্যা কথা বলছেন? তারা কি রাজনীতি করে? আর আপনি ওবায়দুল কাদের বলে দিলেন, যুবদল ও ছাত্রদলের কর্মীরা এই হামলা চালিয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালেয়র ছাত্র। আপনি আমাদের অগ্রজ ছিলেন। আপনাকে আমরা সম্মান করি। কিন্তু আপনি হাইব্রিড মিথ্যাবাদি হলেন কি করে? আপনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পর থেকেই মিথ্যাবাদিতে পরিণত হয়েছেন। আপনি মিথ্যার চর্চার করছেন। আপনার লজ্জা করে না, মন্ত্রী, চাকরি ও টাকা জন্য মিথ্যা বলছেন?
31/10/2017/ Choity.

























































