মঙ্গলবার,২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ


সাকিব ও হাসান আলীকে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.১১.২০১৭

পূর্বাশা ডেস্ক:

বিপিএলে সোমবার অনুষ্ঠিত ঢাকা ডায়নামাইটস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দুই তারকা ক্রিকেটারকে জরিমানা করা হয়েছে। একজন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান এবং অপরজন কুমিল্লায় খেলা পাকিস্তানের তরুণ প্রতিভাবান পেসার হাসান আলী। ম্যাচে সাকিব আল হাসান একটি এলবিডব্লিউর আবেদন করে আম্পায়ারের কাছ থেকে সাড়া না পেয়ে মেজাজ হারান।

তাই আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণের জন্য সাকিবের ম্যাচ ফি এর ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি তার নামের পাশে ৩টি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। বিপিএলের বাকি ম্যাচগুলোকে আর ১টি ডিমেরিট পয়েন্ট পেলে এক ম্যাচ নিষিদ্ধ হবেন সাকিব।

অপরদিকে ম্যাচে পাঁচ উইকেট নেয়া কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পাকিস্তানি পেসার হাসান আলীকেও জরিমানা করা হয়েছে। ঢাকার মোসাদ্দেক হোসেন সৈকত আউট হওয়ার পর তিনি যে ভঙ্গিতে মোসাদ্দেককে সাজঘরে ফিরতে বলেন সেটি ছিল ক্রিকেটের স্পিরিট পরিপন্থি। সে কারণে তার ম্যাচ ফি এর ৩০ শতাংশ জরিমানা করা হয়েছে।

নাসির হোসেন, সাব্বির রহমান, তামিম ইকবাল ও লিটন কুমার দাসের পর বিপিএলে জরিমানার শিকার হলেন সেই তালিকায় এবার যুক্ত হলেন সাকিব ও হাসান আলী।

পূর্বাশানিউজ/২১ নভেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি