শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » রাজনীতি » ইউপি নির্বাচনে সন্ত্রাসীদের দৌরাত্ম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি বিএনপির


ইউপি নির্বাচনে সন্ত্রাসীদের দৌরাত্ম বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ দাবি বিএনপির


পূর্বাশা বিডি ২৪.কম :
২৬.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

লাকসামের ৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের দৌরাত্ম ও ন্যাক্কারজনক হামলার পূণরাবৃত্তি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ দাবি করছে বিএনপি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত ও ন্যাক্কারজনক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এই বিজ্ঞপ্তি দেয়া হয়।

মির্জা ফখরুল বলেন, বর্তমানে দেশে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ না থাকার কারণে মানুষ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। অবৈধ পন্থায় ক্ষমতা দখলকারীগোষ্ঠী দীর্ঘদিন ক্ষমতায় অধিষ্ঠিত থাকার বাসনায় সন্ত্রাস সৃষ্টিকেই এখন প্রধান অবলম্বন মনে করছে। পুলিশের উপস্থিতিতে বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালাচ্ছে। দেশ এখন আইন-কানুনের দ্বারা পরিচালিত হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশ সন্ত্রাসী কায়দায় পরিচালিত হচ্ছে মন্তব্য করে বিএনপির এই মহাসচিব বলেন, আগামী ২৮ ডিসেম্বর ২০১৭ অনুষ্ঠিতব্য লাকসামের ৪টি ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সন্ত্রাসীদের বেপরোয়া তান্ডব শুরু হয়েছে। শেষ মূহুর্তের প্রচার-প্রচারণায় বিএনপি সমর্থিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের ওপর হামলা চালাতে দানবের ভূমিকায় অবতীর্ণ হয়েছে আওয়ামী ক্যাডার বাহিনী। সোমবার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের কয়েকটি এলাকায় বিএনপি সমর্থিত প্রার্থী মো. শাহ আলম তার কর্মী-সমর্থকদের নিয়ে গণসংযোগ করতে গেলে সম্পূর্ণ বিনা উস্কানিতে সরকারদলীয় প্রার্থী শাহিনের অস্ত্রধারী ক্যাডার বাহিনী পুলিশের উপস্থিতিতে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শাহ আলমের ছোট ভাই খোরশেদ আলমসহ ১৫ জন আহত হন।

ভাংচুরের মাধ্যমে শাহ আলমের ব্যবহৃত গাড়িটির ব্যাপক ক্ষতিসাধন করা হয় জানিয়ে ফখরুল বলেন, আহতদের মধ্যে খোরশেদের অবস্থা খুবই গুরুতর। তার ঘাড় ও মাথায় রাম দা দিয়ে কোপানো হয়েছে।

ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করতে নির্বাচনী এলাকাগুলোতে আওয়ামী ক্যাডারদেরকে লেলিয়ে দিয়েছে- বলেও অভিযোগ করেন তিনি।

পূর্বাশানিউজ/২৬ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি