
আগের বছর থেকেই মাঠের রাজনীতির বাইরে ছিল দেশের অন্যতম প্রধান দল বিএনপি। ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন উপলক্ষে ‘কালো পতাকা মিছিলের’ কর্মসূচিও শেষ পর্যন্ত পালন করতে পারেনি দলটি। ফলে একরকম ঘরোয়া সভা আর মানববন্ধনের মধ্যে সীমিত হয়ে পড়েছিল দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির রাজনীতি।
বছরের শেষ ভাগে এসে যেন হঠাৎ মরুবুকে বারিবিন্দু। সেপ্টেম্বরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে ফেরার দিন এবং অক্টোবরে রোহিঙ্গাদের প্রতি সহমর্মিতা জানাতে কক্সবাজার সফরকালে সড়কে বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতি মাঠের রাজনীতিতে দলটি পুনর্জাগরণ হিসেবে বেশ আলোচনায় আসে।
এর পরের মাসেই ‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সোহরাওয়ার্দীতে দলটির সমাবেশের অনুমতি পাওয়া ও সফলভাবে তা সম্পন্ন হওয়ায় বেশ আলোচনায় আসে রাজনৈতিক অঙ্গনে।
আলোচিত এই তিন জনসমাগমের খবরসহ বিএনপির সারা বছরের কর্মকাণ্ডের খবর নিয়ে সালাতামামি ২০১৭।
নতুন ইসিতে বিএনপির আপত্তি
রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সার্চ কমিটি গঠনের মাধ্যমে ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন ঘোষণা হলে তাতে আপত্তি জানায় বিএনপি ও তার নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকরা।
নতুন নির্বাচন কমিশন গঠনে দক্ষতা ও যোগ্যতার পরিবর্তে ‘প্রধানমন্ত্রীর ইচ্ছার প্রতিফলন ঘটেছে’ বলে অভিযোগ আনা হয় জোটের পক্ষ থেকে। এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না বলেও দাবি করে বিএনপি।
কুমিল্লা সিটি নির্বাচনে বিএনপির জয়
মার্চে কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মনিরুল হক সাক্কু বিজয়ী হন। এই জয়ে আত্মবিশ্বাস বাড়ে বিএনপির। ওই নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সাক্কু পান ৬৮ হাজার ৯৪৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা পান ৫৭ হাজার ৭৬৩ ভোট।
ঢাকা মহানগরে বিএনপির নতুন কমিটি
১৯ এপ্রিল ঢাকা মহানগরে নতুন নেতৃত্ব আনেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
প্রথমবারের মতো সিটি কর্পোরেশনের সঙ্গে মিল রেখে ঢাকা মহানগরে উত্তর-দক্ষিণ নামে দুটি কমিটি করা হয়। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি করা হয় আগের কমিটির সদস্যসচিব এবং বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলকে। তার সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান আগের কমিটির যুগ্ম আহ্বায়ক কাজী আবুল বাশার।
আর ঢাকা মহানগর উত্তরের সভাপতির দায়িত্ব দেয়া হয় আবদুল কাইয়ুমকে এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পান আহসান উল্লাহ। তবে এই কমিটি এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি করতে পারেনি।
কয়েকটি অঙ্গসংগঠনের কমিটি করতে পারেনি
অঙ্গ ও সহযোগী সংগঠনের মধ্যে মহিলা দল, স্বেচ্ছাসেবক ও যুবদলে নতুন কমিটি দিতে পারলেও দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে অন্যান্য সংগঠনের কমিটি ঘোষণা। নির্বাচন সামনে রেখে চলতি বছর কমিটি হবে- নেতাকর্মীরা এমন আশায় বুক বাঁধলেও এসব সংগঠনের কমিটি কবে হবে তার নিশ্চয়তা নেই। আন্দোলনের ভ্যানগার্ড খ্যাত ছাত্রদলের কমিটির মেয়াদ অনেক আগে শেষ হলেও নতুন নেতার আশায় ছাত্রদল কর্মীরা।
আজও অসম্পূর্ণ মূল দলের কমিটি
১৮ মার্চ দলের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে বিএনপির কেন্দ্রীয় কমিটি (আংশিক) ঘোষণা করা হয়। পরে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করা হবে এমনটা বলা হলেও সাড়ে চার মাস পর ৬ আগস্ট তা ঘোষণা করা হয়। তবে এখনো স্থায়ী কমিটিসহ কয়েকটি পদ খালি রয়েছে। এরই মধ্যে স্থায়ী কমিটির দুজন সদস্য মারা গেলে তাদের পদও খালি হয়।
‘ভিশন -২০৩০’ চমক!
১০ মে বিএনপির ভিশন-২০৩০ নিয়ে সংবাদ সম্মেলনে আসেন খালেদা জিয়া। তার এই ভিশন রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচিত হয়। এতে প্রধানমন্ত্রীর একক নির্বাহী ক্ষমতা সংসদীয় সরকারের আবরণে স্বৈরাচারী একনায়কতান্ত্রিক শাসনের জন্ম দিয়েছে দাবি করে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনীর মাধ্যামে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতার ক্ষেত্রে ভারসাম্য আনার কথা বলেন বিএনপি-প্রধান।

























































