শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগই থাকবে না: ফখরুল


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৭

পূর্বাশা ডেস্ক:

আবাধ, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

৩০ ডিসেম্বর শনিবার দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী কৃষকদলের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য ক‌রেন তিনি।

আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সব আদর্শকে ধ্বংস করছে- অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের আদর্শ বলতে কিছুই নাই। যারা বলেছে, আগামী নির্বাচ‌নে দেশনেত্রী গেলে আমরা যাব, আরে ভাই দেশনেত্রী তো যাবেনই, আবাধ-সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগই থাকবে না।’

গণতন্ত্র রক্ষায় দেশের সর্বস্ত‌রের মানুষকে এগিয়ে আসতে হবে এবং ফ্যাসিবাদী আওয়ামী লীগকে ধ্বংস করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, ‘প্রধান বিচারপ‌তি‌কে বন্দুকের নল দেখিয়ে দেশ থেকে বিতাড়িত করছে আওয়ামী লীগ সরকার, আবার তারা বলছে বিচার বিভাগের স্বাধীনতার কথা। বাংলাদেশের মানুষকে প্রতারণা দিয়ে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে ফ্যাসিবাদী আওয়ামী লীগ, আবার তারা বলছে গণতন্ত্রের কথা, এদের লজ্জা নাই।’

বিএনপির এই নেতা বলেন, ‘সরকারি অফিসে চাকরি দেওয়ার নামে ১০ থেকে ১৫ লাখ টাকা নেওয়া হচ্ছে; এটাকেও আওয়ামী লীগ উন্নয়ন বলে প্রচার চালাচ্ছে।’

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কৃষক দলের সহসভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কৃষকদলের সহসভাপতি এম এ তাহের, নাজিম উদ্দীন মাস্টার প্রমুখ।

পূর্বাশানিউজ/৩০ ডিসেম্বর ২০১৭/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি