
ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা মেডিকেল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ১০ জন ছাত্রলীগ নেতাকর্মী। সংঘর্ষের ঘটনায় ১১ জানুয়ারী পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দুপুরের মধ্যে সকল শিক্ষার্থীকে হোস্টেল ছাড়ার নির্দেশ দেয়া হলে শিক্ষার্থীরা হল ত্যাগ করেন।
শুক্রবার (৫ জানুয়ারী) ভোররাত আড়াইটার দিকে কুমিল্লা মেডিকেল কলেজের শেখ রাসেল হোস্টেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, ছাত্রলীগ কর্মী ফয়সল, মনির হোসেন, ইফতেখার, পিয়াস, তামিম নুর, আশিক, পারভেজ, সাব্বির । তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর আহত ইরফানুল হক ও তৌফিক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে ।
স্থানীয় সূত্র জানায়, কুমেকে নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্বাচিপের কেন্দ্রীয় নেতা কুমেকের ২য় ব্যাচের ছাত্র আব্দুল হান্নান ও কেন্দ্রীয় নেতা ৮ম ব্যাচের ছাত্র হাবিবুর রহমান পলাশের অনুসারিদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় রড, হকি স্টিক ও দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে ইরফানুল ও তৌফিকের অবস্থা আশংকাজনক।
কুমেকের উপাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর হোসেন জানান, আধিপত্য নিয়ে সংঘর্ষ হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

























































