মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


তামিমের সামনে জোড়া মাইলফলক ছোঁয়ার হাতছানি


পূর্বাশা বিডি ২৪.কম :
২১.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের চলমান ত্রিদেশীয় সিরিজে মাইলফলক ছোঁয়াকে পানি পানের মতো সহজ বানিয়ে ফেলেছেন বাংলাদেশি ক্রিকেটাররা। দলের জয়ের পাশাপাশি একের পর এক ব্যক্তিগত অর্জনে নিজেদের ছাড়িয়ে যাচ্ছেন তামিম ইকবাল-সাকিব আল হাসান-এনামুল হক বিজয়-মুশফিকুর রহিমরা। এ সিরিজে আরও দুটি মাইলফলকের সামনে রয়েছেন লঙ্কানদের বিপক্ষে গত ম্যাচে আন্তর্জাতিক ক্যারিয়ারের ১১ হাজার রান পূর্ণ করা তামিম।

আগামী ২৩ জানুয়ারি মঙ্গলবার জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে জোড়া রেকর্ড গড়ার হাতছানি তামিমের সামনে। এ দিন মাত্র ৬৬ রান করতে পারলেই প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ করবেন বাঁহাতি এই ওপেনার।

১৭৬ ম্যাচে ১৭৪ ইনিংস খেলে তামিমের বর্তমান সংগ্রহ ৫ হাজার ৯৩৪ রান। এসব ম্যাচে ৪০ হাফ সেঞ্চুরির পাশাপাশি তামিমের রয়েছে নয়টি সেঞ্চুরি।

জিম্বাবুয়ের বিপক্ষে ৬৬ রান না পেলেও আরও একটি মাইফলক স্পর্শ করার সুযোগ পাচ্ছেন দেশসেরা এই ওপেনার। সে জন্য তামিমের দরকার মাত্র ৪১ রান। এই রান করতে পারলে ছাড়িয়ে যাবেন শ্রীলঙ্কার ব্যাটিং কিংবদন্তি সনাৎ জয়সুরিয়াকে। তাকে পেছনে ফেলে আন্তর্জাতিক ওয়ানডেতে কোনো নির্দিষ্ট ভেন্যুতে সবচেয়ে বেশি রান করার রেকর্ড গড়বেন তামিম।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ওয়ানডেতে ৭০ ইনিংস ব্যাট করেছেন জয়সুরিয়া। ৭০ ইনিংসে ৪ সেঞ্চুরি ও ১৯ হাফ সেঞ্চুরিতে সাবেক এই লঙ্কান ব্যাটসম্যান করেছেন ২ হাজার ৫১৪ রান। অন্যদিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৫ সেঞ্চুরি ও ১৫ হাফ সেঞ্চুরিতে তামিমের ঝুলিতে জমা হয়েছে ২ হাজার ৪৭৩ রান।

তামিমের পেছনে রয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জয়াসুরিয়াকে পেছনে ফেলার জন্য সাকিবের দরকার আর ১৯৭ রান। মিরপুরে হোম অব ক্রিকেটে সাকিবের ব্যাট থেকে এসেছে ২ হাজার ২১৪ রান। তবে ১৪৬ রান করতে পারলে পাকিস্তানের ক্রিকেটার ইনজামাম উল হককে ছাড়িয়ে যাবেন সাকিব। এক ভেন্যুতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ইনজামামের সংগ্রহ ২ হাজার ৪৬৪ রান।

পূর্বাশানিউজ/২১জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি