বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জালে উঠে এলো যুবকের লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০১.২০১৮

পূর্বাশা ডেস্ক:

মাছ ধরার জন্য জাল ফেলেছিলেন জেলেরা। জালটি ভারি মনে হলে জেলেরা ভেবেছিল বড় কোনো মাছ হয়তো ধরা পড়েছে। কিন্তু জাল জলাশয়ের কিনারায় আসামাত্র জেলেরা হতভম্ব হয়ে পড়েন। তারা দেখেন জালে বড় মাছ নয়, এক যুবকের নিথর মরদেহ।

লক্ষ্মীপুরে পৌরবাস টার্মিনাল সংলগ্ন একটি জলাশয় থেকে সোমবার সকালে নামপরিচয় না জানান এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জেলা শহরের পৌর বাস টার্মিনালের উত্তর পাশে ডোবায় মাছ ধরতে নামেন জেলেরা। এ সময় জালের সঙ্গে মরদেহটি ভেসে আসে।

খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের পরনে একটি ফুলশার্ট ও প্যান্ট রয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। পাঁচ থেকে ছয়দিন আগে হত্যা করে মরদেহটি ফেলে রাখা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

সদর থানারে উপপরিদর্শক ওমর ফারুক জানান, ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ময়নাতদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

পূর্বাশানিউজ/২৯জানুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি