শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ক্ষমতা কমানো হলো ট্রাম্পের জামাতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০২.২০১৮

পূর্বাশা ডেস্ক:

অবেশেষে ক্ষমতা কমিয়ে আনা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের। এতদিন প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে অতি গোপনীয় যেসব গোয়েন্দা রিপোর্ট তিনি পেতেন- এখন থেকে সেগুলো আর পাবেন না তিনি। খবর বিবিসির।

এমন খবর নিশ্চিত করে মার্কিন গণমাধ্যমগুলো বলছে, মার্কিন প্রেসিডেন্টের সিনিয়র অ্যাডভাইজার হিসেবে ট্রাম্পের প্রতিদিনের অতি গোপনীয় গোয়েন্দা রিপোর্ট পাবার ক্ষমতা ছিল জ্যারেড কুশনারের। তার সেই ক্ষমতাকে খর্ব করা হয়েছে।

কুশনারের পূর্ব ইতিহাস বিষয়ে সব তথ্য জানার কাজ শেষ না হওয়ায় এ ধরনের গোপনীয় রিপোর্ট পাবার যে সাময়িক অধিকার তাকে দেয়া হয়েছিল- তা বন্ধ করা হয়েছে। গণমাধ্যমকে এটি নিশ্চিত করেছেন কুশনারের আইনজীবী অ্যাবে লওইল।

তবে শীর্ষ গোয়েন্দা রিপোর্ট না পেলেও কুশনারের গুরুত্বপূর্ণ কাজে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন তার আইনজীবী।

গোপনীয়তা রক্ষার বিষয়ে হোয়াইট হাউজ আরো যে শৃঙ্খলা আরোপ করছে- এ সিদ্ধান্ত তারই প্রমাণ বলে ধারণা করা হচ্ছে।

এর আগে প্রেসিডেন্টের চিফ অব স্টাফ জন কেলি জানিয়েছিলেন যে, শীর্ষ নিরাপত্তা অনুমোদন পাওয়া ব্যক্তিদের তালিকা আরও সংক্ষিপ্ত করা হবে।

রাজনীতিতে অনভিজ্ঞ কুশনার উপদেষ্টার পদ পাবার পর কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বও পেয়েছিলেন। মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টা বা মেক্সিকোর সাথে সম্পর্ক রক্ষার মতো বিষয়গুলোতেও তার স্থায়ী নিরাপত্তা অনুমোদন না পাওয়া সমস্যার সৃষ্টি করছিল।

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ সংশ্লিষ্টতার বিষয়ে আগে থেকেই সমালোচিত ছিলেন ট্রাম্পের জামাতা কুশনার।

পূর্বাশানিউজ/ ২৮ ফেব্রুয়ারী ২০১৮/রুমকী



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি