
ডেস্ক রিপোর্ট:
নির্বাচন থেকে দূরে রাখতেই বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।তিনি বলেন, তাকে রাজনৈতিক সিদ্ধান্তে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। তবে খালেদা জিয়াকে কারাগারে রেখে বিএনপি ও জনগণকে দুর্বল করা যাবে না।
শনিবার খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা এসব কথা বলেন। মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।
খালেদা জিয়া তার স্বামীর নামে গঠিত ট্রাস্টের টাকা আত্মসাতে সহযোগিতা করেছেন এটাও দেশের জনগণ বিশ্বাস করে দাবি করে নজরুল ইসলাম খান বলেন, কারণ এ টাকা ব্যবহার বা ব্যাংক হিসেবে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এমনকি বাদীপক্ষ খালেদা জিয়া জড়িত থাকার কোনো প্রমাণ দেখাতে পারেনি।
তিনি আরও বলেন, খালেদা জিয়া যদি বলতেন তার দুই কোটি টাকা লাগবে কোনো কাজে তাহলে বিএনপি অফিসের সামনে দু’টি বাক্স রাখলে এক ঘণ্টায় তার চেয়ে বেশি টাকা জমা হত। আসলে নির্বাচন থেকে দূরে রাখতেই খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

























































