
পূর্বাশা ডেস্ক:
চলতি বছরের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এ উপেলক্ষে বেশকিছুদিন ধরেই নির্বাচনী প্রচারণার মাঠ চষে বেড়াচ্ছে বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সম্প্রতি খোদ দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই অনেকটা ঝড়োগতিতে সারাদেশে নির্বাচনী প্রচারণার মাঠে নেমেছেন। অপরদিকে দেশের প্রধানবিরোধী দল বিএনপির চরম দুর্দিন চলছে । জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানোর পর থেকে নেত্রীর মুক্তির দাবিতে বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত দলটি। তাই নির্বাচনী প্রচারণা বা নির্দেশনা দেওয়ার চেয়ে চেয়ারপারসন এর মামলা ওর কারামুক্তির দাবি নিয়ে সময় কাটছে তাদের। আগ্রহ থাকলেও এখন পর্যন্ত নির্বাচনী প্রচারণার মাঠে নামতে পারেনি দলটি।
বাংলাদেশ সংবিধান অনুযায়ী, ২০১৯ সালের ১২ জানুয়ারির আগে ৯০ দিনের মধ্যে যে কোনো দিনেই একাদশ সংসদ নির্বাচন হওয়ার কথা। এরইমধ্যে প্রধানমন্ত্রী নিজে নির্বাচনী প্রচারণা শুরু করায় প্রচারণার দৌড়ে অনেকটাই এগিয়ে গেছে আওয়ামী লীগ।
গত ৩০ জানুয়ারি সিলেটে জনসভা করে আওয়ামী লীগের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচার শুরু করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর গত ৮ ফেব্রুয়ারি বরিশাল এবং ২২ ফেব্রুয়ারি রাজশাহীতে তিনি বিশাল জনসভা করে সেখানেও তিনি নৌকা মার্কায় ভোট চান। তার আগে যশোরসহ বিভিন্ন জেলায় সরকারি সফরে গিয়ে আওয়ামী লীগের আয়োজনে জনসভায়ও অংশ নিয়ে তিনি আগামী জাতীয় নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান। সর্বশেষ গত ৩ মার্চ খুলনা সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতারাও এখন রাজধানী ও রাজধানীর বাইরে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।
এদিকে আগামীকাল ৭ই মার্চ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্মরণকালে সর্ববৃহৎ জনসভা করতে যাচ্ছে আওয়ামী লীগ। ১৫ লাখ মানুষের উপস্থিতির লক্ষ্য নিয়ে বেশকয়েকদিন ধরেই কাজ করছে দলটি। সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন বলেই জানা গেছে।
এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘৭ মার্চের জনসভায় আমরা নবজাগরণ দেখাতে চাই। আমরা আশা করছি এই জনসভায় স্মরণকালের সব রেকর্ড ভেঙে যাবে। জনসভায় মাননীয় প্রধানমন্ত্রী আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দেবেন। জনসভায় তিনি বিএনপির সকল ষড়যন্ত্রের চিত্র তুলে ধরবেন এবং আমরা কীভাবে তা মোকাবেলা করব সে সম্পর্কে গুরুত্বপূর্ণ নির্দেশনা দেবেন।
অপরদিকে দেশের প্রধানবিরোধী দল বিএনপি আগের বারের মতো ভুল না করে নির্বাচনে যেতে আগ্রহী হলেও এখনো নির্বাচনী প্রচারণা শুরু করতে করতে পারেনি। দুর্নীতির মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর তাঁর মুক্তির দাবিতে বিভিন্ন রকমের শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে দলটি। প্রতিদিনই তারা বিভিন্ন সংগঠনের ব্যানারে সভা সেমিনারে খালেদা জিয়ার মুক্তির দাবি জানাচ্ছে। খালেদা জিয়ার কারাবরণের পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নিলেও একই মামলায় দশ বছরের জেল এবং গ্রেফতারি পরোয়ানা রয়েছে। বিভিন্ন কারণে তিনি দীর্ঘদিন ধরেই বিদেশে রয়েছেন। এছাড়া দলটি একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেখতে চায় বলে দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছে। জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসলেও তারা দলগোছানো এবং নির্বাচনী প্রচারণায় নামছে না।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, নির্বাচনী প্রচারণায় এখন লেবেল প্লেয়িং ফিল্ড নেই। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সুযোগ সুবিধা নিয়ে নির্বাচনী প্রচারণা চালালেও বিএনপিকে দাঁড়াতেই দিচ্ছে না। আমরা নিরপেক্ষ সরকারের অধীনে একটি অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চাই। সেই নির্বাচনে বিএনপি অংশ নিতে সাংগঠনিকভাবে প্রস্তুতি আছে।
এদিকে এক নেত্রী কারাগারে অন্য নেত্রী রাষ্ট্রীয় টাকা খরচ করে প্রকাশ্যে ভোট চাওয়ায় লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হচ্ছে বলে অভিযোগ করে সম্প্রতি নির্বাচন কমিশনে লিখিত আবেদন করেছে বিএনপি। দলটির মহাসচিব এ বিষয়ে কমিশনের হস্তক্ষেপ চেয়েছেন।
এরপর নির্বাচনের তফসিল ঘোষণার আগে কেউ প্রচার চালালে আইন অনুযায়ী নির্বাচন কমিশনের কিছু করার আছে কিনা তা খতিয়ে দেখবে বলে জানান নির্বাচন কমিশনার (অব.) ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। যদিও তিনি মনে করেন ভোট চাওয়া যে কোনও রাজনৈতিক দলের স্বাভাবিক আচরণ।

























































