রবিবার,৩০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


গাজীপুরে পৃথক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৩.২০১৮

ডেস্ক রিপোর্ট :

গাজীপুরে পৃথক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মহাসড়ক পার হওয়ার সময় গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্ডবাজার এলাকায় গাড়িচাপায় এক যুবকের মৃত্যু হয়।

নিহত যুবকের নাম জিয়ারুল (৩৮)। তিনি নীলফামারীর ডিমলা থানার দক্ষিণ বানাপাড়া এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মো. অহিদুজ্জামান জানান, বুধবার রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী লেনে একটি গাড়ি জিয়ারুলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে শ্রীপুর রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ের এক যুবক (৩০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. হারুন অর রশিদ জানান, শ্রীপুর রেলস্টেশনে সকাল সাড়ে ৭টার দিকে দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক মারা যান। নিহতের পরিচয় জানা যায়নি। তার পরণে লাল শার্ট ও বাদামি রঙের প্যান্ট রয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই এসএম রকিবুল হক জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পূর্বাশানিউজ/ ২৯ মার্চ ২০১৮/মাহি



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি