ডেস্ক রিপোর্ট: নেতাকর্মীদের পহেলা অক্টোবর থেকে আবারো আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, আমাদের হাতে ৩ মাসেরও কম সময় রয়েছে। এই সময়ের মধ্যে সরকারকে পতিহত করে, সকল নেতাকর্মীদের মুক্তি নিশ্চিত করতে হবে, একই সাথে দেশে একটি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে হবে। তাই সকলকে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের প্রস্তুতি নিতে হবে।
মঙ্গলবার (২৫সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী প্রজন্ম ৭১ কেন্দ্রীয় কমিটি আয়োজিত বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধারক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।
মওদুদ বলেন, জাতীয় ঐক্যে বিষয়ে প্রধানমন্ত্রী অশালীন বক্তব্য প্রমাণ করে এই সরকার আতঙ্কিত ও বিচলিত হয়েছে।
তিনি বলেন, জনগণ আজকে সব কিছু জানে এবং বুঝে। এধরনের বক্তব্যে জনপ্রিয়তা কমবে না। বরং জাতীয় ঐক্যের আরো জনপ্রিয়তা বাড়বে। তাই প্রধানমন্ত্রীকে বলবো আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করেন।
সাবেক এ মন্ত্রি বলেন, সরকার জানে জাতীয় ঐক্য যদি গঠন হয় তাহলে যে কোন স্বৈরাচার সরকারের পতন ঘটানো সম্ভব। তাই দেশে যখন কোন আন্দোলন হয় সরকার প্রথমে স্বাগত জানায়। দু’দিন অথবা তিন দিন পর সরকার এবং সরকারের লোকেরা আন্দোলনকে অসহ করে তুলে এবং নানা তালবাহানায় আন্দোলনকে দমিয়ে রাখেন।
মওদুদ বলেন, গত ৬০ বছরে দেশে এতো দুর্নীতি হয়নি। যতটা এই সরকারের আমলে হয়েছে। অথচ সরকার জাতীয় ঐকের নেতাকর্মীদের দুর্নীতিবাজ বলে দাবি করছে।
যুব সমাবেশের সভাপতিত্ব করেন, ঢালী আমিনুল ইসলাম রিপন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।


























































