শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ভারতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ডুবে ১৮ জনের মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৯.২০১৮

১৩ সেপ্টেম্বর শুরু হওয়া মহারাষ্ট্রের সবচেয়ে বড় এ উৎসবের শেষে পুরো রাজ্যজুড়ে লাখ লাখ গণেশ মূর্তি বিসর্জন দেয়া হয়েছে। গণেশ ভক্তরা নেচে গেয়ে তাদের দেবতার মূর্তি আরব সাগর, সাগরের খাঁড়ি, বিভিন্ন নদী, হ্রদ, পুকুর, কুঁয়া, কৃত্রিম ট্যাংক ও অন্যান্য জলাশয়ে বিসর্জন দেয়।

কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার বিকাল থেকে গত ২৪ ঘণ্টায় মুম্বাইয়ের মন্ডপে এক জন, পুনেতে চার জন, রতনগিরিতে তিন জন, জালনায় তিন জন, ভানদারায় দুই জন, সাতারায় দুই জন এবং নানদেদ, বুলধানা ও আহমেদনগরে এক জন করে ডুবে মারা যায়।
সোমবার সকালে গিরগাউম চৌপট্টি এলাকায় আরব সাগরে গণেশ বিসর্জনের সময় অতিরিক্ত লোকবোঝাই একটি নৌকা উল্টে যায়। এখান থেকে তিন বালিকাসহ অন্তত পাঁচ জনকে উদ্ধার করা হয়।

মুম্বাইয়ের উত্তরপশ্চিমাংশে কান্দিভালি এলাকায় বিসর্জন দেওয়ার সময় গণেশের বিশাল একটি মূর্তি ভক্তদের উপর উল্টে পড়ে অন্তত ১৭ জন আহত হয়।

মহারাষ্ট্রজুড়ে এই বিশাল গণেশ বিসর্জন উৎসবে ছোট থেকে বড় বিভিন্ন আকারের প্রায় ১১ লাখ গণেশের মূর্তি বিসর্জন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি