সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


হংকংকে হারিয়ে সুপার ফোরে টাইগার যুবারা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.১০.২০১৮

ডেস্ক রিপোর্ট: শ্রীলঙ্কার বিরুদ্ধে হার দিয়ে আসর শুরু করলেও পাকিস্তানকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশের যুবারা। আর আজ হংকংকে একেবারে উড়িয়ে দিয়েছে হৃদয়রা। আর একইদিনে পাকিস্তানকে হারায় শ্রীলঙ্কা। ঐ ম্যাচ শেষে রান রেটের ব্যবধান দেখা লাগেনি। ‘বি’ গ্রুপ থেকে শ্রীলঙ্কা সবগুলো ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে এবং ২টি ম্যাচ জেতায় দ্বিতীয় স্থান নিশ্চিত হয় তৌহিদ হৃদয়দের। যার ফলে পাকিস্তানকে পেছনে ফেলে সুপার ফোর নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গ্রুপ ‘বি’ থেকে নিজেদের শেষ ম্যাচে হংকংয়ের বিরুদ্ধে মাঠে নেমেছিল তৌহিদ হৃদয়রা। মঙ্গলবার টসে জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠিয়েই আগুন ঝরানো বোলিং শুরু করেছিল বাংলাদেশের বোলাররা। সেই তোপের মুখে দাঁড়াতেই পারেনি হংকং। ৪৬.৫ ওভারে গুটিয়ে যায় মাত্র ৯১ রানেই। জয়ের জন্য বাংলাদেশকে খেলতে হয় ১১.২ ওভার। যখন জয়ের বন্দরে নোঙর করলো তখনও হাতে ৫ উইকেট।

যুব এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করতে হংকংয়ের দেওয়া ৯১ রান ৬ ওভারের মধ্যেই ছুঁতে হতো। কিন্তু বাংলাদেশ সেটি পারেনি। মাহমুদুল হাসানরা জয় নিশ্চিত করতে খেলে ১১.২ ওভার। হাতে ছিল ৫ উইকেট হারিয়ে। রান রেটের হিসাব মাথায় রেখে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ শুরুতেই ৩ উইকেট হারিয়ে বসে। সে কারণেই ৬ ওভারের মধ্যেই ৯২ রান তোলার লড়াইয়ে পিছিয়ে পড়ে তারা। ২২ রানে ৩ উইকেট হারিয়ে দল চাপে পড়ে যায়। এ সময় আকবর আলী আর মাহমুদুল হাসান জয়ের ব্যাটে জয় নিশ্চিত করে বাংলাদেশ। আকবর করেন ২৫, মাহমুদুল ৩২। যদিও বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল নাসরুল্লাহ। টপঅর্ডারের ৪ জনকে ফিরিয়ে দিয়ে টাইগারদের ভীত নড়বড়ে করলেও শেষ পর্যন্ত জয় বঞ্চিত করতে পারেনি।

এর আগে হংকংয়ের ইনিংসের আতঙ্ক হয়ে উঠেছিলে রিশাদ হোসেন। ১১ রানে ৩ উইকেট নেন তিনি। ২টি করে উইকেট নেন রাকিবুল ও মৃত্যুঞ্জয়। শরিফুল, মিনহাজ ও শামীম নিয়েছেন একটি করে উইকেট। হংকংয়ের হয়ে কালহান চালু (১৬), অদ্বিত গড়াওয়ারা (১৬), কবির সোধি (১৩) আর হারুন আরশাদ (১০) ছাড়া আর কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি। ‘বি’ গ্রুপ থেকে বাদ পড়েছে পাকিস্তান ও হংকং। অন্যদিকে এশিয়া কাপে ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোর নিশ্চিত করেছে ভারত ও আফগানিস্তান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি