মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ম্যানসিটির কাছে ম্যানইউর হার


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.১১.২০১৮

ডেস্ক রিপোর্ট : বার্নার্দো সিলভার কাট ব্যাকে ১২ মিনিটে সিটিজেনদের এগিয়ে দেন দাভিদ সিলভা। বিরতির পর ৪৮ মিনিটে ২-০ করেন সের্হিয়ো আগুয়েরো। এতে ম্যানচেস্টার ডার্বিতে সবচেয়ে বেশি ৮ গোল করে সাবেক ম্যানইউ ফরোয়ার্ড ওয়েন রুনির পাশে বসেন তিনি।

অ্যান্থনি মার্শাল পেনাল্টি থেকে ৫৮ মিনিটে একটি গোল শোধ দিলেও গত মৌসুমের মতো ঘুরে দাঁড়াতে পারেনি ম্যানইউ। এই ইতিহাদ স্টেডিয়ামে আগের দেখায় ২-০ গোলে পিছিয়ে থেকেও ৩-২ গোলে জিতেছিল তারা।
ম্যাচ শেষ হওয়ার ৪ মিনিট আগে ইকে গুন্দোগান ম্যানসিটির তৃতীয় গোল করেন।

আগের দেখায় জোড়া গোল করা পল পগবা ইনজুরিতে এদিন মাঠে ছিলেন না। নিজের ৩০০তম প্রিমিয়ার লিগ ম্যাচে হোসে মরিনহো ৫৭ মিনিটে জেসি লিনগার্ডের বদলি করে রোমেলু লুকাকুকে মাঠে নামান। পরের মিনিটেই এদারসনের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন বেলজিয়ান ফরোয়ার্ড। তাতে গোল করলেও নাটকীয় প্রত্যাবর্তন হয়নি ইউনাইটেডের।

এই জয়ে নগরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে ১২ পয়েন্টের ব্যবধান বাড়াল ম্যানসিটি। ৩২ পয়েন্ট নিয়ে সবার উপরে তারা। আর হোসে মরিনহোর ম্যানইউ (২০) শীর্ষ ৪ থেকে ৭ পয়েন্ট দূরে।

শেষ মুহূর্তে আর্সেনাল গোল আদায় করলএদিন অ্যানফিল্ডে বিতর্কিত জয় পেয়েছে লিভারপুল। আলেক্সান্দার মিত্রোভিচের হেড থেকে ফুলহ্যামের গোল অফসাইডে বাতিল হওয়ার ১৪ সেকেন্ড পরই মোহাম্মদ সালাহর লক্ষ্যভেদে এগিয়ে যায় তারা। অ্যান্ড্রু রবার্টসনের ক্রস থেকে দারুণ ভলিতে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন জারদান শাকিরি।

১২ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তারা দুই নম্বরে।
চেলসি ও এভারটন প্রাণহীন ম্যাচে গোলশূন্য ড্র করেছে। এতে প্রিমিয়ার লিগে টানা ১২ ম্যাচ অজেয় থাকার মর্যাদা ধরে রেখেছে চেলসি। এই ড্রয়ে অজেয় থাকার ২৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে তারা।

এদিকে লিগে টানা তিন ম্যাচ ড্রয়ের স্বাদ পেয়েছে আর্সেনাল। উলভসের কাছে ১৩ মিনিটে পিছিয়ে পড়ে তারা। এমনকি হারের শঙ্কায় পড়েছিল গানাররা। শেষ পর্যন্ত চার মিনিট আগে হেনরিখ মিখিতারিয়ানের দূর পাল্লার লক্ষ্যভেদী শটে ১-১ গোলে ড্র আদায় করে তারা।
১২ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে আর্সেনাল। ২৭ পয়েন্টে চতুর্থ স্থানে টটেনহ্যাম হটস্পার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি