ডেক্স রিপোর্টঃ একাদশ জাতীয় সংসদ নির্বাচন গণতন্ত্রের ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ। সোমবার ভোরে দল ওয়ারি ফল ঘোষণা করার পর তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, ইতিহাসে প্রথমবারের মত রাজনৈতিক সরকারের অধীনে সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হয়েছে। দেশি-বিদেশি পর্যবেক্ষকরাও সন্তুষ্টি প্রকাশ করেছেন। ইভএমে ভোট প্রসঙ্গে সচিব বলেন, প্রথমবারের মত ছয়টি আসনে পরীক্ষামুলক ইভিএম ব্যবহার করা হয়েছে। এতে ভোটারদের মাঝে কৌতুহল ও আগ্রহের পাশাপাশি ভীতিও ছিল। কিন্তু ইভিএম আমরা অত্যন্ত সফলভাবে ব্যবহার করতে পেরেছি। আগামী সব নির্বাচনে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।’
এর আগে ইসি সচিব ভোর সাড়ে তিনটায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯টি আসনের মধ্যে ২৯৮টি আসনের ফল ঘোষণা করেন। এর মধ্যে আওয়ামী লীগ ২৫৯টি আসন পেয়ে বেসরকারিভাবে তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছে। এছাড়া জাতীয় পার্টি ২০, বিএনপি ৫, গণফোরাম ২, বিকল্পধারা বাংলাদেশ ২, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) ২, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩, তরিকত ফেডারেশন ১, জাতীয় পার্টি (জেপি) ১ এবং স্বতন্ত্র প্রার্থী তিনটি আসনে জয় পেয়েছে।


























































